নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলার কল্যান্দি এলাকা থেকে পুলিশ শুক্রবার সকালে রিয়ন নামের এক ছাপাখানার শ্রমিকের লাশ উদ্ধার করেছে।
এই নিহতের বিষয়ে পুলিশ জানায়, শুক্রবার সকালে বন্দর উপজেলার কল্যান্দি এলাকার হাজী পিয়ার সাত্তার স্কুলের সামনে রাস্তার পাশে এক যুবকের লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসি পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। লাশের বুকে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। ধারনা করা হচ্ছে রাতে বাড়ি ফেরার পথে দুষ্কৃতিকারিরা ছুরিকাঘাতে রিয়নকে হত্যা করে ফেলে রাখে।
পুলিশ আরো জানায়, নিহত রিয়ন সোনারগাঁও উপজেলার নবীনগর এলাকার মোতালেব মিয়ার ছেলে। সে এক বছর যাবত নগরীর এস এম মালেহ রোড এলাকায় রিভারভিউ মার্কেটে তার ভগ্নিপতির ছাপাখানায় কাজ করত।
বৃহস্পতিবার রাত দেড়টায় সে কারখানা থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। বাড়ি না ফেরায় পরিবারের লোকজন সকাল থেকে রিয়নকে খোঁজ করছিল। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিবারের লোকজন রিয়নের লাশ সনাক্ত করে।
