ছায়া ঢাকা পাখি ডাকা সবুজ শ্যামলীময় গ্রামিন জনপদ চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতি বিজড়িত কার্পাসডাঙ্গায় প্রথমবারের মত শুরু হয়েছে তিনদিনব্যাপী জাতীয় নজরুল সম্মেলন।
শুক্রবার বিকেল সাড়ে ৩টায় জাতীয় সংসদের হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি হাজার হাজার নজরুল প্রেমিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে সম্মেলনের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন।
সম্মেলনের শুরুতে কার্পাসডাঙ্গা ইউনিয়ন সদরের রাস্তায় এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। নজরুল ইনিষ্টিটিউটের যৌথ উদ্যোগে-আয়োজন ও চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের সহয়োগিতায় থেকে এই সম্মেলনে ধন্যবাদ জ্ঞাপন করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক সায়মা ইউনুস।
আয়োজনের উদ্বোধনী দিনে বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মঞ্জুরুর রহমান, বাংলাদেশ কৃষি সম্প্রসারণ অধিদফতরের মাহা-পরিচালক হামিদুর রহমান, চুয়াডাঙ্গা জেলা পরিষদ প্রশাসক মাহফুজুর রহমান মঞ্জু, নজরুল ইনিষ্টিটিউটের উপ-পরিচালক রেজাউদ্দিন ষ্টালিন ও বাংলাদেশ আওয়ামী লীগ জেলা সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম আজাদ। মূখ্য আলোচক ছিলেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের সাবেক মহাপরিচালক প্রকৌশলী এনামুল হক। উদ্বোধনী পর্বে সভাপতিত্ব করেন নজরুল ইনিষ্টিটিউটের নির্বাহী পরিচালক একরাম আহমেদ।
সম্মেলনের দ্বিতীয় পর্বে সংগীত পরিবেশন করেন এম এ মান্নান, ফাতেমা-তুজ-জোহরা, ইয়াকুব আলী খান, ড. লীনা তাপসী খান, ছন্দা চক্রবর্তী ও নাসিমা শাহীনসহ চুয়াডাঙ্গা জেলা শিল্পকলা একাডেমীর শিল্পীবৃন্দ। আবৃত্তিতে থাকবেন সীমা ইসলাম এবং এনামূল হকের পরিচালনায় পরিবেশিত হবে ‘নৃত্য বিহার’।
