তিন বছরের শিশু নিখোঁজ হয় সকাল সাড়ে দশটায়। ঠিক ২ ঘণ্টার মাথায় বেলা সাড়ে বারোটায় তাকে খুঁজে বের করে মুম্বাই পুলিশ। পুলিশের সদিচ্ছার পাশাপাশি এর পেছনে অবদান রয়েছে হোয়াটসঅ্যাপের!
মিড-ডে’র খবরে প্রকাশ, শিশুটি নিখোঁজ হয় মুম্বাইয়ের মসজিদ বন্দর স্টেশন থেকে। স্টেশন লাগোয়া বস্তিতে শিশুটির মা-বাবা ও ভাইয়ের সঙ্গে থাকত সে। মা-বাবা চা খেতে বাইরে যান। ফিরে এসে দেখেন শিশু লাপাত্তা।
বিষয়টি মুম্বাই পুলিশকে জানাতেই শুরু হয় তদন্ত এবং শিশুটিকে উদ্ধারের বন্দোবস্ত। আর এর অংশ হিসেবে মুম্বাইয়ের নানা হোয়াটসঅ্যাপ গ্রুপে শিশুটির ছবি ছড়িয়ে দেয় পুলিশ। সেই ছবি প্রচারের সূত্র ধরেই গামদেবী নামের এক থানা এলাকা থেকে পাওয়া যায় শিশুটিকে।
পুলিশ জানিয়েছে, শিশুটি খেলতে খেলতে চলে যায় মসজিদ বন্দর স্টেশনে। ভিড়ের মধ্যে একটা শিশুকে একা ঘুরে বেড়াতে দেখে কেউ তেমন পাত্তাও দেননি। এরকম কত শিশুই তো অভিভাবক ছাড়া ঘুরে বেড়ায় ভারতের স্টেশনে। বাধা না পেয়ে শিশুটি চেপে বসে ট্রেনে। পরে গ্র্যান্ট রোড স্টেশন এলে নেমেও যায় ট্রেন থেকে। বাড়ি ফিরে মাকে এসব কথাই জানিয়েছে রোশনি বিজয় দন্তানি নামের ওই শিশু।
প্রাথমিক চিকিৎসা পরীক্ষায় অবশ্য দেখা গেছে যে, শিশুটি সুস্থই আছে। তবুও তদন্ত চলবে বলেই জানিয়েছে মুম্বাই পুলিশ।
