বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, 'যারা সরকারের নির্যাতন স্বীকার করেও সভা-সমাবেশে থাকছেন, দলের জন্য সময় দিয়েছেন তারাই এ কাউন্সিলে গুরুত্বপূর্ণ পদে আসবেন।'
শনিবার বেলা ১১টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের কারাবন্দি দিবস উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, 'বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নেতৃত্ব নির্বাচন করতে অতীতে ভুল করেন নাই, এখনও করবেন না।'
নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, 'বিগত আন্দোলন- সংগ্রামে যারা নিষ্ক্রিয়, পলাতক ছিল, সে সব চাটুকারেরা নিজেদের অবস্থান ধরে রাখার জন্য বেশি সক্রিয়। এরা কখনও দলের বন্ধু হতে পারে না। এরা দলের জন্য মারাত্মক হুমকি। এদের বিরুদ্ধে হাই এন্টিবায়োটিক দিতে হবে।'
আয়োজক সংগঠনের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ, সহ-দফতর সম্পাদক আব্দুল লতিফ জনি, যুবদলের সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম আজাদসহ সংগঠনের নেতাকর্মীরা।
