বাগেরহাট জেলার মোল্লাহাটে আকিবুর শেখ (৮) নামে এক স্কুল ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে মোল্লাহাট উপজেলার কুলিয়া ইউনিয়নের মাদারতলী গ্রামের একটি বাগান থেকে স্কুল ছাত্র আকিবুরের লাশ উদ্ধার করা হয়।
জানাগেছে, আকিবুর স্থানীয় মাদারতলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্র ও ওই গ্রামের সেলিম শেখের ছেলে। মোল্লাহাট থানার উপ-পরিদর্শক (এসআই) তুহিন মন্ডল জানান, শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে আকিবুরের মা মুর্শিদা বেগম তার ছোট ছেলেকে বাড়িতে তার মায়ের কাছে রেখে বড় ছেলে রফিকুলকে সঙ্গে নিয়ে বাইরে যান।
পরে বাড়িতে এসে না পেয়ে অনেক খোঁজাখুঁজির পর রাত সাড়ে ১১টার দিকে বাড়ি থেকে প্রায় পাঁচশ গজ দূরে সুনিল খাঁর বাগানে আকিবুরকে পড়ে থাকতে দেখে। সেখান থেকে তাকে উদ্ধার করে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বাগেরহাট জেলা পুলিশ সুপার বলেন, শিশু আকিবুরের শরীরে বাহ্যিক কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। কিভাবে তার মৃত্যু হয়েছে তা জানতে ময়না তদন্তের প্রতিবেদনের জন্য অপেক্ষা করতে হবে।
লাশের ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানা গেছে।
