‘সব বাঁধা অতিক্রম করে সুন্দরবন রক্ষা করবোই’

আপডেট : ১২ মার্চ ২০১৬, ১৭:৪৮
তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মোহাম্মদ বলেছেন, দেশি-বিদেশি লুটেরাদের জিম্মি হবার জন্য দেশের মানুষ মুক্তিযুদ্ধ করেনি। বরং দেশের সম্পদ শতভাগ দেশের মানুষের কাজে লাগাতে হবে। সব বাঁধা অতিক্রম করে আমরা মাতৃরূপী সুন্দরবন রক্ষা করবোই।
 
শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে খুলনার ফুলতলা স্বাধীনতা চত্তরে অনুষ্ঠিত এক পথসভায় তিনি এ কথা বলেন।
 
তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির ফুলতলা উপজেলা শাখার আহ্বায়ক গাজী নওশের আলীর সভাপতিত্বে এবং সদস্য সচিব কমরেড আব্দুল মালেক মোল্লার পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন সিপিবির কেন্দ্রীয় নেতা সরদার রুহিন হোসেন প্রিন্স, ইউসিএলবির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন নান্নু, বিপ্লবী গণসংহতির সমন্বয়ক জোনায়েদ সাকী,  কেন্দ্রীয় নেতা সহিদুল ইসলাম সবুজ, ইয়াছিন মিয়া, সাইফুল হক, বজলুর রশীদ ফিরোজ, কামরুল আহম্মেদ, শ্রমিক নেতা কমরেড হাফিজুর রহমান ভুইয়া, মানস নন্দী প্রমুখ। বিকাল ৫টায় সুন্দরবন অভিমুখী জনযাত্রা নগরীর শহীদ হাদিস পার্কে পৌঁছে। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।