সিরিয়ায় ৫ বছরে প্রায় পৌনে ৩ লাখ মানুষ নিহত

আপডেট : ১২ মার্চ ২০১৬, ১৮:৫৮
পাঁচ বছর আগে শুরু হওয়া সিরিয়া যুদ্ধে এখন পর্যন্ত দুই লাখ ৭০ হাজার মানুষ নিহত ও দেশের অর্ধেক মানুষ বাস্তুচ্যুত হয়েছে। সেইসঙ্গে ধ্বংস হয়ে গেছে দেশটির বেশিরভাগ অবকাঠামো। খবর- এএফপির।
 
ব্রিটেন ভিত্তিক পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের দেয়া তথ্য মতে গত পাঁচ বছরে এই বিপুল সংখ্যক প্রাণহানি হয়েছে দেশটিতে। সিরিয়াজুড়ে ডাক্তার ও নিজস্ব কর্মীদের মাধ্যমে পাওয়া তথ্য থেকে এই পরিসংখ্যান প্রকাশ করেছে তারা।
 
নিহতদের মধ্যে ৮০ হাজারই বেসামরিক মানুষ। এর মধ্যে সাড়ে ১৩ হাজার আবার শিশু। আশঙ্কা করা হয়, নিহতের প্রকৃত সংখ্যা এর চেয়ে অনেক বেশি। এর মধ্যে সরকারি বাহিনী, বিদ্রোহী ও জিহাদিদের বন্দিশালাগুলোতে ঠিক কত জন নিহত হয়েছেন তা নির্দিষ্ট করে জানা যায়নি।
IMG0
গত ফেব্রুয়ারিতে সরকারি বাহিনীর বিরুদ্ধে কারাগারে ভেতর বিরোধীদের নির্বিচারে হত্যার অভিযোগ তুলেছিল জাতিসংঘের তদন্তকারীরা। ফ্রান্সের হ্যান্ডিক্যাপড ইন্টারন্যাশনাল নামের একটি বেসরকারি সংস্থা (এনজিও) এ এমাসের শুরুতে এক প্রতিবেদনে জানায় সিরিয়া যুদ্ধে এখন পর্যন্ত দশ লাখ মানুষ আহত হয়েছেন।
 
সেই সঙ্গে ২০১১ সালের পর থেকে ১৭৭টি হাসপাতাল ধ্বংস হয়ে গেছে। হাসপাতালে কর্মরত ৭০০ জন স্বাস্থ্যকর্মী এসময় প্রাণ হারিয়েছেন।
 
দেশটির দুই কোটি ৩০ লাখ মানুষের মধ্যে অন্তত এক কোটি ৩৫ লাখ মানুষ এ সময় বাস্তুচ্যুত হয়েছে। আর ৪৭ লাখ মানুষ শরণার্থী হিসেবে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন।