রাঙামাটিতে অজ্ঞাত তরুণীর লাশ উদ্ধার

আপডেট : ১২ মার্চ ২০১৬, ১৯:০২
রাঙামাটিতে অজ্ঞাত এক তরুণী লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বিকেল ৪টার দিকে লাশটি উদ্ধার করেছে।
 
এ সময় পার্শ্ববর্তী হোটেল হিল সিটির ম্যানেজার মো. সেলিমকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ আটক করে। হোটেলের সিসিটিভি ক্যামেরা ও রেজিস্টার খাতা জব্দ করে পুলিশ। তবে তরুণীর কোনো নাম-পরিচয় পাওয়া যায়নি।
 
দোকানের মালিক নুরুল আলম বলেন, আমি মুড়ি প্যাকেট করার জন্য দোকানের পেছনে গুদামে যাই। সে সময় দোকানের নিচে কাঠের ফাঁকে নীল রঙের একটি জামা দেখতে পাই। পরে লোকজনকে জানানোর পর একটি মেয়ের লাশ নিশ্চিত হওয়ার পর পুলিশে খবর দিলে তারা এসে লাশ উদ্ধার করে।
 
কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ রশীদ বলেন, প্রাথমিকভাবে তরুণীকে কেউ মেরে হোটেলের পেছনের হাফ ওয়াল টপকে রেখে এসেছে বলে ধারণা করা হচ্ছে। কারণ ওখানে যাওয়ার মতো আর কোনো রাস্তা নেই। আমরা হোটেল ম্যানেজারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছি ও হোটেলের সিসিটিভি ক্যামেরা, রেজিস্টার খাতা জব্দ করেছি।