ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে সারাদেশে প্রার্থী, সমর্থকদের মধ্যে হামলা ভাঙচুর, অগ্নিসংযোগ, ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। আওয়ামী লীগের প্রার্থী ও বিদ্রোহী প্রার্থীরাও বেশ কিছু ইউনিয়ন পরিষদে মুখোমুখি অবস্থান নিয়েছে বলে খবর এসেছে। বেশকিছু নির্বাচনী এলাকায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ও বিএনপির প্রার্থী প্রচারণা চালাতে গিয়ে হামলার শিকার হয়েছেন। এতে দু’পক্ষের সংঘর্ষে আহত ও পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন অনেকেই। এছাড়া, আওয়ামী লীগের সমর্থকরা কোথাও কোথাও বিএনপি প্রার্থীর অফিসে হামলা চালিয়ে ভাঙচুর চালিয়েছে। বেশকিছু নির্বাচনী এলাকায় বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুর করায় সেসব এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এছাড়াও বেশকিছু এলাকায় নির্বাচনকে কেন্দ্র করে সংখ্যালঘু পরিবারের সদস্যদের ওপর হামলার ঘটনার খবর পাওয়া গেছে। সব মিলিয়ে নির্বাচনী উত্তেজনা ও সংঘর্ষপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে দেশের বেশকিছু এলাকায়।
নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার চাকুয়া ইউনিয়ন পরিষদের নির্বাচনকে কেন্দ্র করে চাকুয়া ইউনিয়নের পাত্রা গ্রামে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগ সম্পাদক আবুল কালাম আজাদের সমর্থকরা হামলা চালিয়ে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম জুয়েলের নির্বাচনী প্রচার কেন্দ্র ভাঙচুর এবং অগ্নিসংযোগ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনা গত শুক্রবার রাতের। এ ব্যাপারে ৫০ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ ২ জনকে আটক করেছে।
মনোনয়ন বঞ্চিত উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম জুয়েল অভিযোগ করে বলেন, চাকুয়া ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে আনারস প্রতীক নিয়ে তিনি একজন স্বতন্ত্র প্রার্থী। গত শুক্রবার রাতে তিনি পাত্রা গ্রামসহ কয়েকটি গ্রামে প্রচারণা শেষ করে রাত ৯টার দিকে নির্বাচনী প্রচার কেন্দ্রে যখন অবস্থান করছিলেন, তখন আওয়ামী লীগ প্রার্থী আবুল কালাম আজাদের পুত্র সৌরভসহ ৪০/৫০ যুবক নৌকার স্লোগান দিয়ে তার দিকে তেড়ে আসছিল, তখন তিনি সেখান থেকে ভয়ে চলে যান। এরপরই তারা তার প্রচার কেন্দ্র ভাঙচুর এবং অগ্নিসংযোগ করে।
ফকিরহাটে নৌকার প্রচারণায় বাধা : বাগেরহাটের ফকিরহাটে ইউনিয়ন পরিষদ নির্বাচনে পিলজংগ ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীর প্রচারণার অফিসে অগ্নিসংযোগ ও প্রচারণায় বাধা প্রদানের অভিযোগ পাওয়া গেছে। গত শুক্রবার রাতে বৈলতলি গ্রামে নৌকা প্রতীকের পক্ষে গণসংযোগ চলাকালে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর নেতা-কর্মীরা প্রথমে বাধা প্রদান করে। পরে গভীর রাতে উক্ত স্থানে নৌকা প্রতীকের নির্বাচনী অফিসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা জানান। উপজেলা আওয়ামী লীগের সম্পাদক শিরিনা আক্তার কিসলুসহ নেতা-কর্মীগণ ঘটনাস্থল পরিদর্শন করে প্রধানমন্ত্রীর ছবিতে ও নৌকা প্রতীকের অফিসে অগ্নিসংযোগসহ নির্বাচনী প্রচারণায় বাধা প্রদানকারীদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহনেণর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে।
স্বরূপকাঠির কুড়িয়ানায় বিএনপি প্রার্থীর উপর হামলা : পিরোজপুরের স্বরূপকাঠির আটঘর কুড়িয়ানা ইউপি নির্বাচনে বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থী মো. জাকির হোসেন নান্টুর প্রচারে বাধা দিয়ে দু’ দফা হামলার অভিযোগ পাওয়া গেছে। বিএনপি দলীয় প্রার্থী মো. জাকির হোসেন নান্টু জানান গতকাল শনিবার সকালে তিনি কয়েকজন কর্মী-সমর্থক নিয়ে ৪/৫টি মোটর সাইকেলে গণসংযোগে আটঘর এলাকায় যাওয়ার পথে জিন্দাকাঠি বাজারে শেখরের ভাই শংকরের নেতৃত্বে ৭/৮ জন তাদের উপর হামলা চালায়। এতে নান্টুর চার কর্মী আহত হয়। এসময় হামলাকারীরা প্রার্থী নান্টুর মোটর সাইকেলসহ ৩টি মোটর সাইকেল ভাঙচুর করে। ওই ঘটনার পরে জাকির হোসেন মাহমুদকাঠি হাসপাতাল এলাকায় নিজের বাড়ির কাছে ফিরে আসার পর দ্বিতীয় দফা হামলা চালায় শেখর সমর্থকরা। আওয়ামী লীগ দলীয় প্রার্থী শেখর কুমার সিকদার পাল্টা অভিযোগ করে বলেন নান্টুর লোকজন তার নির্বাচনী কার্যালয় ভাঙচুর করেছে এবং হামলায় তার দুই কর্মী আহত হয়েছেন।
পাথরঘাটায় বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুর : বরগুনার পাথরঘাটায় সংসদ সদস্যসহ বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুর করার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার রাত ১০টার দিকে উপজেলার কালমেঘা ইউনিয়নের সোনালী মাদ্রাসা নামক এলাকায় নৌকা প্রতীকের নির্বাচনী ক্যাম্পে এ ভাঙচুরের ঘটনা ঘটে। নৌকা প্রতীকের প্রার্থী গোলাম নাছির তার প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আকন মোহাম্মদ সহিদ ও তার সমর্থকদের এ ঘটনায় দায়ী করেছেন। তবে অভিযোগ অস্বীকার করে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুরের সুষ্ঠু তদন্ত দাবি করেছেন বিদ্রোহী প্রার্থী আকন মোহাম্মদ সহিদ।
সাতক্ষীরার ভোমরায় সংঘর্ষে আহত ৬ : সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকরা বিএনপি প্রার্থীর নির্বাচনী অফিস ভাঙচুরের জের ধরে উভয় পক্ষের সংঘর্ষে কমপক্ষে ৬ জন আহত হয়েছে। শুক্রবার রাতে ভোমরা ইউনিয়নের শাখরা এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পিরোজপুরে বিএনপি প্রার্থীর কর্মী-সমর্থকরা মাঠ ছাড়া: পিরোজপুর সদর উপজেলার কদমতলায় বিএনপি প্রার্থীর পক্ষে প্রচারণার কাজে কর্মী-সমর্থকরা মাঠে নামতে জীবননাশের আশঙ্কায় রয়েছেন বলে অভিযোগ করা হয়েছে। গতকাল শনিবার পিরোজপুর প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন ঐ ইউনিয়নের চেয়ারম্যান পদে বিএনপির প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান মোঃ আঃ ছালাম শেখ। সদর থানা বিএনপি আয়োজিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন সংগঠনের সাধারণ সম্পাদক গাজী ওয়াহিদুজ্জামান লাবলু।
অভিযোগ করা হয়, নির্বাচন কমিশন বা পুলিশের কাছ থেকে এ ব্যাপারে প্রতিকার পাওয়া যাচ্ছে না। সদর থানার শুধু কদমতলা নয় টোনা এবং শারিকতলা ডুমুরিতলা ইউনিয়নে বিএনপির নেতা-কর্মীদের গ্রেফতারসহ হয়রানি ও হুমকি দেয়া হচ্ছে।
বরগুনায় হিন্দু পরিবারের উপর হামলার অভিযোগ:শুক্রবার রাতে চার ইউনিয়নে পৃথক সহিংসতায় কমপক্ষে ১৮ জন আহত হয়েছে। এসব ঘটনায় জড়িত অভিযোগে ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বরগুনা সদর ও পাথরঘাটায় আওয়ামী লীগের নির্বাচনী অফিসে হামলা, বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে।
গৌরনদীতে সংঘর্ষ:গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে শনিবার সকালে ও দুপুরে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় বিএনপির মনোনীত চেয়ারম্যান প্রার্থী মঞ্জুরুল হাসান মিলনের বসত ঘরসহ ৪টি ঘর ও অন্তত ২০টি মোটর সাইকেল ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। হামলা ও পাল্টা হামলায় নারীসহ উভয় পক্ষের অন্তত ৪০ জন আহত হয়েছে। এ ঘটনায় পুলিশ ৬ জনকে আটক করেছে।
কুষ্টিয়ার মিরপুরে চেয়ারম্যান প্রার্থীর ৫টি ক্যাম্পে সন্ত্রাসীদের হুমকি:মিরপুরের তালবাড়িয়া ইউনিয়নে জাসদ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আরিফুল ইসলাম আরিফের ৫টি নির্বাচনী ক্যাম্পে একদল সন্ত্রাসী প্রবেশ করে ক্যাম্পে অবস্থানরত মশাল প্রতীকের সমর্থকদের নানা হুমকি দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। পরে জাসদ সমর্থক ও বিক্ষুব্ধ এলাকাবাসী কুষ্টিয়া-ভেড়ামারা সড়কে অবস্থান নেয়। এতে প্রায় ১ ঘন্টা কুষ্টিয়া-ভেড়ামারা সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে মিরপুর থানা পুলিশের উপস্থিতিতে পরিস্থিতি স্বাভাবিক হয়।
