দিনাজপুরের খানসামা উপজেলার সরকার পাড়ায় অগ্নিকাণ্ডে ৭০টি ঘর পুড়ে গেছে। এতে আনুমানিক এক কোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে।
শনিবার রাত ১১ টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে।
স্থানীয়রা জানায়, মশার কয়েলের আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। এ ঘটনায় দুটি গরু, চারটি ছাগল, দুটি মোটরসাইকেলসহ বাড়ির অসংখ্যা মালামাল ছাই হয়ে গেছে। নীলফামারী ও সৈয়দপুর থেকে আসা ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগেই ৬১টি পরিবারের ৭০টি ঘর পুড়ে যায়।
উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি প্রভাষক সাইফুল ইসলাম জানান, পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর নির্দেশে উপজেলা নির্বাহী কর্মকর্তা সকাল থেকে পরিবার প্রতি ২০ কেজি করে চাল ও দুটি করে কম্বল বিতরণ করেছেন। এছাড়াও মন্ত্রী জেলা প্রশাসককে দ্রুত ত্রাণের দেয়ার নির্দেশ দেন। এবং পরিবার প্রতি এক বান করে টিন ও তিন হাজার টাকা দেয়ার নির্দেশ দেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাজেবুর রহমান তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
