বাল্যবিবাহ: বর ও ঘটকের কারাদণ্ড, কনের মায়ের জরিমানা

আপডেট : ১৩ মার্চ ২০১৬, ১৪:৩৫
 
বেনাপোলের শাখারীপোতা গ্রামে বাল্যবিবাহের আয়োজনের অভিযোগে বর ও ঘটকের সাতদিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়া কনের মায়ের এক হাজার টাকা জরিমানা করা হয়। শনিবার রাতে ম্যাজিস্ট্রেট ও শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুস ছালাম এই দণ্ড দেন।
 
দণ্ডপ্রাপ্তরা হলেন-বেনাপোল পোর্টথানাধীন শাখারীপোতা গ্রামের ঝন্টু বিশ্বাসের ছেলে ঘটক শাহাবুদ্দিন (২৮) ও ধান্যখোলা গ্রামের শাহাজান আলীর  ছেলে বর লিটন বিশ্বাস (২৫)।
 
পুলিশ জানায়, বেনাপোলের শাখারী পোতা গ্রামের অষ্টম শ্রেণিতে পড়ুয়া এক কিশোরীর বাল্যবিয়ের খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আ: ছামাল পুলিশের সহযোগিতা নিয়ে কনের বাড়িতে উপস্থিত হয়ে বিয়ে বন্ধ করে দেন। এসময় বাল্যবিয়ে আয়োজনের অভিযোগে বর ও ঘটককে সাতদিনের জেল ও কনের মা শিল্পী বেগমকে এক হাজার টাকা জরিমানা করা হয়।
 
বেনাপোল পোর্ট থানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক ইকবাল মাহামুদ জানান, বাল্যবিবাহের আয়োজনের অভিযোগে বর ও ঘটকের সাতদিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।