পাকিস্তানে কয়লা খনি ধসে ৫ জনের মৃত্যু, নিখোঁজ ২

আপডেট : ১৩ মার্চ ২০১৬, ১৬:৪৯
পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলে একটি কয়লা খনি ধসে পড়ে অন্তত ৫ শ্রমিক প্রাণ হারিয়েছে। এই ঘটনায় এখনো আরও দুজন শ্রমিক নিখোঁজ রয়েছে। বার্তাসংস্থা এএফপি তাদের এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
 
ওই এলাকার শীর্ষ সরকারি কর্মকর্তা জুবায়ের খান বলেন, 'উপজাতীয় পার্বত্য অঞ্চল ওরাকজাইয়ে অবস্থিত এই কয়লা খনিটি ধসে পড়ার পর সেখানে ৩০ জনের বেশি শ্রমিক আটকা পড়ে। প্রবল বৃষ্টিপাতের ফলে খনির একটি অংশ ধসে পড়ে এই দুর্ঘটনা ঘটে।'
 
তিনি আরও বলেন, 'উদ্ধারকর্মীরা খনি থেকে ৫ জনের মৃতদেহ উদ্ধার করেছেন। সেখান থেকে জীবিত অবস্থায় ২৬ জনকে উদ্ধার করা হয়। এই ঘটনায় ১০ জন আহত হয়েছেন। তাদেরকে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।'
 
রোববার জরুরি কর্মীরা নিখোঁজ দুই খনি শ্রমিকের সন্ধানে তল্লাশী চালিয়ে যাচ্ছে। কর্মকর্তারা বলেছেন, 'তারা জীবিত নাকি মৃত আছে সে ব্যাপারে নিশ্চিত করে এখনো কিছু বলা যাচ্ছে না।'
 
শনিবার রাতে সামরিক বাহিনী এক বিবৃতিতে জানায়, ঘটনাস্থলে ভারী উদ্ধারকারী যন্ত্রপাতি ব্যবহার ও চিকিৎসা সহায়তার জন্য ১০০ জনের বেশি সেনা ও আধাসামরিক ফ্রন্টিয়ার কোরের (সীমান্তরক্ষীবাহিনী) সদস্য মোতায়েন করা হয়েছে।