ধর্মশালায় আবারও বৃষ্টি

আপডেট : ১৩ মার্চ ২০১৬, ১৮:২২
পাহাড় আর মেঘের অপূর্ব সমন্বয়ে হিমাচল প্রদেশের ধর্মশালা। বৃহস্পতিবার মধ্যরাত থেকেই ধর্মশালার আকাশ থেকে অবিরাম বৃষ্টি। যা অব্যাহত ছিল শনিবার দুপুর পর্যন্ত। এর মধ্যে শুক্রবার বৃষ্টিতে পণ্ড হয়েছে দুটি ম্যাচ। বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যকার ম্যাচের ৮ ওভারের খেলা মাঠে গড়ানো সম্ভব হলেও শেষ পর্যন্ত বৃষ্টি জয়ী হয়েছে।
 
এবার রবিবারও বৃষ্টির কারণে প্রথম পর্বের শেষ রাউন্ডের খেলা হওয়া নিয়েও শঙ্কা দেখা দিয়েছে। নেদারল্যান্ডস ও আয়ারল্যান্ডের মধ্যে দিনের প্রথম ম্যাচের টস ঠিক সময়েই হয়, কিন্তু এরপরই নামে বৃষ্টি। ফলে বাংলাদেশ ও ওমানের মধ্যে গ্রুপের শীর্ষস্থান নির্ধারণী ম্যাচটি হওয়া নিয়েও শঙ্কা জেগেছে।
 
তবে রবিবার সকালের দিকে ধর্মশালার আকাশ বেশ পরিষ্কারই ছিল। কিন্তু নেদারল্যান্ডস-আয়ারল্যান্ড ব্যাট-বলের লড়াই মাঠে গড়ানোর কিছুক্ষণ আগে নামে বৃষ্টি। বাংলাদেশ সময় রাত আটটায় শুরু হওয়ার কথা থাকা বাংলাদেশ-ওমান ম্যাচের জয়ী দল উঠবে সুপার টেনে।  তবে ম্যাচটি অনুষ্ঠিত না হলেও চিন্তার কারণ নেই বাংলাদেশের। কেননা উভয় দলের ৩ পয়েন্ট হলেও নেট রান রেটে ওমানের চেয়ে কিছুটা এগিয়ে রয়েছে টাইগাররা।
 
তবে ম্যাচটি মাঠে না গড়ালে কপাল পুড়বে ওমানের। ম্যাচটি খেলতে পারলে বাংলাদেশকে হারিয়ে তাদের সুযোগ থাকবে সুপার টেনে খেলার।
শনিবার দুপুরে বৃষ্টি থামতেই পাহাড়ের কোলঘেঁষে ভেসে আসা বরফ ভেসে ‍উঠেছে। সাদা আভা হয়ে ধরা দিচ্ছে দুই চোখে। ওই দূর পাহাড়ে হিমালয়ে জমে থাকা মেঘের কারণেই হঠাৎ করে ধর্মশালায় এই বৃষ্টি। ধর্মশালা স্টেডিয়ামকে আউটফিল্ড ও উইকেটটি কভার দিয়ে ঢেকে রাখা হয়েছে।
 
তবে টাইগার অধিনায়ক মাশরাফি নিজেও চান ম্যাচটি খেলেই বিশ্বকাপের মূল পর্বে উঠতে। ওমানকে নিয়ে খুব বেশি চিন্তার কিছু নেই বলেই তার মত। নিজেদের স্বাভাবিক খেলা খেলতে পারলেই ওমানকে হারানো সম্ভব বলে মনে করছেন মাশরাফি বিন মুর্তজা।