'আইনের মধ্যে থেকেই চলতে হবে অটোরিকশা চালকদের'

আপডেট : ১৩ মার্চ ২০১৬, ১৭:৩৮
 
সিএনজিচালিত অটোরিকশা চালকদের ধর্মঘটের মধ্যে সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, তাদেরও আইনের আওতায় থেকে কাজ করতে হবে। তবে সরকার নির্ধারিত দৈনিক জমার পরিমাণ ৯০০ টাকার বেশি যাতে চালকদের কাছ থেকে নেওয়া না হয় তা নিশ্চিত করতে পদক্ষেপ গ্রহণের ইঙ্গিত দিয়েছেন তিনি।
 
রবিবার সকালে সবুজ সিএনজি অটোরিকশা চালকদের ধর্মঘট শুরুর কয়েক ঘণ্টার মাথায় সচিবালয়ে সড়ক পরিবহন খাতের সমস্যা নিয়ে একটি সভা হয়। স্বারষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গা, ঢাকা মহানগর পুলিশের কমিশনার আছাদুজ্জামান মিয়াসহ অন্যান্য কর্মকর্তা এবং পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের নেতারাও সেখানে উপস্থিত ছিলেন।
 
সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, 'তারা (অটোচালক) যে বিষয়টি উত্থাপন করছে তাদেরকে তো আইনের মধ্যে চলতে হবে। ইচ্ছেমতো ভাড়া নিবে, যেখানে সেখানে পার্কিং করবে-এ ব্যাপারে জনস্বার্থে পুলিশকে এনফোর্সমেন্টে যেতে হবে।' বিডি নিউজ।