থ্যাইল্যান্ড সপ্তাহ বুধবার শুরু

আপডেট : ১৩ মার্চ ২০১৬, ১৮:১৬
আগামী বুধবার ঢাকায় শুরু হচ্ছে থাই পণ্য প্রদর্শনীর আয়োজন ‘থাইল্যান্ড সপ্তাহ’। ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার গুলনকশা হলে চার দিনব্যাপী (১৬-১৯ মার্চ) এই প্রদর্শনীর আয়োজক থাই বাণিজ্য মন্ত্রণালয়ের ডিপার্টমেন্ট অব ইন্টারন্যাশনাল ট্রেড প্রমোশন (ডিআইটিপি) এবং ঢাকার রয়্যাল থাই দূতাবাস।
 
রবিবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রয়্যাল থাই দূতাবাসের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন থাই দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স পাসিট চুডাবুড্ডি, কনসাল (বানিজ্যিক) সুইমল তীলকরাংচাই ও বাংলাদেশ-থাই চেম্বার অব কমার্সের সভাপতি আইয়ুব আলী।
 
সংবাদ সম্মেলনে বলা হয়, গার্মেন্টস ও ফ্যাশন জিনিসপত্র, খাবার ও পানীয়, ভারি শিল্প, গৃহাস্থলী ও আনুষঙ্গিক পণ্য উৎপাদনকারী ৩৯টি থাই প্রতিষ্ঠান অংশ নেবে। পুরো অনুষ্ঠানটি দুইটি অংশে বিভক্ত থাকবে। ১৬ ও ১৭ মার্চ ব্যবসায়ীদের জন্য এবং ১৮ ও ১৯ মার্চ সবার জন্য উন্মুক্ত থাকবে। থাই এক্সপোটার্সদের সঙ্গে ব্যবসায়িক বৈঠকের জন্য সকল বাংলাদেশি আমদানিকারক ও ব্যবসায়ীদের আমন্ত্রণ জানানো হয়েছে।
 
আগামী বুধবার সন্ধ্যা সাতটায় থাইল্যান্ড সপ্তাহের উদ্বোধন করবেন বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ।