সিরিয়ায় বিদ্রোহীদের ঘাঁটি নুসরা ফ্রন্টের দখলে

আপডেট : ১৩ মার্চ ২০১৬, ১৯:০২
সিরিয়ায় পশ্চিমা সমর্থিত বিদ্রোহীদের একটি ঘাঁটি ও অস্ত্রশস্ত্র দখলে নিয়েছে আল কায়েদার অনুসারি আল নুসরা ফ্রন্ট। দেশটির উত্তর পশ্চিমাঞ্চলে রাতভর যুদ্ধে ঘাঁটিটি নুসরা ফ্রন্টের দখলে যায় বলে জানিয়েছে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস।
 
অবজারভেটরির পরিচালক রামি আব্দুল রহমান জানান, বিদ্রোহীদের ১৩তম ডিভিশনের কয়েক ডজন সদস্যকে জিম্মি করেছেন নুসরা ফ্রন্টের জঙ্গিরা। যুক্তরাষ্ট্র সমর্থিত এই বিদ্রোহীদের কাছে  ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র রয়েছে।
 
ফ্রি সিরিয়ান আর্মির ব্যানারে লড়াইরত বিদ্রোহীদের কমান্ডার আহমেদ আল সেউদ টুইটারে লিখেছেন, আল নুসরা ফ্রন্ট তাদের ঘাঁটিতে হামলা চালিয়ে অস্ত্র দখলে নিয়েছে। তবে এর বেশি কিছু জানাননি তিনি।
 
আল নুসরা ফ্রন্ট ও ফ্রি সিরিয়ান আর্মির বিদ্রহীরা প্রায়ই যৌথভাবে বাশার আল আসাদের অনুগত বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে। তবে এলাকার দখল নিয়ে নুসরা ফ্রন্ট ও বিদ্রোহীদের মধ্যে কোন্দল রয়েছে। সূত্র: রয়টার্স