ভারতেই বেশি ভালোবাসা পান আফ্রিদিরা!

আপডেট : ১৩ মার্চ ২০১৬, ১৯:২৪
 
নিরাপত্তার কারণে কয়েকবারই হতে গিয়েও হয়নি ভারত-পাকিস্তান সিরিজ। বিশ্বকাপ নিয়েও হয়েছে অনেক নাটক। শুরুতে আসতেই চায়নি পাকিস্তান ক্রিকেট দল। অথচ সেই পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়কই বলছেন নিজ দেশের চেয়ে ভারতেই বেশি ভালোবাসা পান পাকিস্তানি ক্রিকেটাররা।
 
রবিবার সংবাদ সম্মেলনে শহীদ আফ্রিদি বলেন, ‘আমরা এখানেই ভক্তদের কাছ থেকে অনেক ভালোবাসা পাই। যার মাত্রাটা পাকিস্তানের ভক্তদের কাছ থেকেও বেশি।’
 
১৯ মার্চ ইডেন গার্ডেনসে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। শুরুতে ম্যাচটি ধর্মশালায় হওয়ার কথা থাকলেও নিরাপত্তার কারণে ম্যাচটি হচ্ছে কলকাতায়। এ প্রসঙ্গে আফ্রিদি বলেন, ‘ক্রিকেট সেই খেলা যার মাধ্যমে এই দুই দেশ একত্রিত হয়।আর আমি ভারতে খেলাটাকে অন্যভাবেই উপভোগ করি। মনে হচ্ছে ক্যারিয়ারের শেষ দিকেই আছি। তাই ভারতে খেলার অভিজ্ঞতাকে সব সময়ই মনে রাখবো।’