শুক্রবার সকালে বর্ণাঢ্য আয়োজনে ঈশ্বরদীর সাঁড়া মাড়োয়ারী মডেল স্কুল এন্ড কলেজের দু’দিনব্যাপী শতবর্ষ উত্সব শুরু হয়েছে। হাজার হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে র্যালির মাধ্যমে উত্সব উদ্বোধন করেন ভাষা সৈনিক ও মুক্তিযোদ্ধা শামসুর রহমান শরীফ এমপি।
উদ্যাপন কমিটির আহ্বায়ক ও প্রাক্তন প্রধান শিক্ষক আব্দুর রহিমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্কুলের প্রাক্তন ছাত্র পল্লী উন্নয়ন একাডেমীর মহাপরিচালক আমিনুল ইসলাম, রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আবুল কালাম আজাদ, সাবেক সংসদ সদস্য মনজুর রহমান বিশ্বাস, পৌর মেয়র আবুল কালাম আজাদ মিন্টু প্রমুখ। অনুষ্ঠানের তৃতীয় পর্বে প্রধান অতিথি ছিলেন রাজশাহী শিক্ষা বোর্ডের সচিব তরুণ কুমার সরকার। এই পর্বে সভাপতিত্ব করেন স্কুলের প্রাক্তন শিক্ষক হাসান আলী। সন্ধ্যায় আতশবাজি উত্সব ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়েছে। এছাড়া আজ শনিবার রক্তদান কর্মসূচি, স্মৃতিচারণমূলক অনুষ্ঠান, পুরস্কার বিতরণী এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হবে দু’দিনব্যাপী এ উত্সব।
