বরিশাল অফিস
জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক বা আন্তর্জাতিক জলবায়ু অবরোধের অংশ হিসেবে গতকাল সকালে নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে বিক্ষোভ করে শিশুরা। জলবায়ু পরিবর্তনজনিত সংকট মোকাবেলায় নিরাপদ ভবিষ্যত্ এবং প্যারিস চুক্তির বাস্তবায়নের দাবি নিয়ে ফ্রাইডে ফর ফিউচার বাংলাদেশ শীর্ষক এই কর্মসূচির সমন্বয় করে ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিস। সহযোগিতা করে বরিশাল সিটি কর্পোরেশন, ইউনিসেফ, প্ল্যান ইন্টারন্যাশন্যাল, এ্যাকশন এইড, এম্পাওয়া ইয়ুথ ফর ওয়ার্ক, সেইভ দ্যা চিলড্রেন বাংলাদেশ। শিশুদের এ কর্মসূচিতে একাত্মতা জানিয়ে উপস্থিত হন বরিশালের জেলা প্রশাসক এস.এম অজিয়র রহমান। জেলা প্রশাসক এ সময় বলেন, বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের নির্মম শিকার। গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক শিশুদের একটি আন্দোলন। শিশুদের ভবিষ্যতের সুরক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে। অনুষ্ঠানে রাইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিসের প্রধান সমন্বয়কারী শাকিলা ইসলাম, ইউনিসেফের বিভাগীয় প্রধান এইচ তৌফিক আহমেদ, প্ল্যান ইন্টারন্যাশনালের শিশু সুরক্ষা বিশেষজ্ঞ রেজানুল হক উপস্থিত ছিলেন।
