প্রাথমিক সহকারী শিক্ষকদের বেতন বৈষম্য নিরসনের দাবিতে মানববন্ধন

আপডেট : ১৫ মার্চ ২০১৯, ২২:০২

ভ্রাম্যমাণ প্রতিনিধি

প্রাথমিক সহকারী শিক্ষকদের বেতন বৈষম্য নিরসনের দাবিতে শুক্রবার সকালে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এতে ব্যানার ফেস্টুন নিয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সহকারী শিক্ষকরা অংশ নেন। এসময় বক্তব্য রাখেন শিক্ষক নেতা আবু দাউদ, মোহাম্মদ আলী, ইকবাল হোসেন, আব্দুল হালিম, মল্লিকা কুন্ডু, আবু মাসুদ, হাসানুজ্জামান সোহাগ, মেহেদি হাসান, শবনম মুস্তারী, মনিউর রহমান, জামিল আহম্মেদ, কামরুল হাসান ও সুমনা আক্তার প্রমুখ। এসময় বক্তারা প্রধান শিক্ষকের পরের ধাপেই ১১তম স্কেলে তাদের বেতন নির্ধারণ ও সহকারী প্রধান শিক্ষক পদ বাতিল করার দাবি জানান।

এদিকে গৌরীপুর (ময়মনসিংহ) সংবাদদাতা জানান, বৃহস্পতিবার বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি, গৌরীপুর উপজেলা শাখা মানববন্ধন, বিক্ষোভ, স্মারকলিপি পেশ করে। উপজেলা পরিষদের সামনে মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল করে উপজেলা পরিষদে গিয়ে উপজেলা নির্বাহী অফিসার ফারহানা করিমের মাধ্যমে প্রধানমন্ত্রীর নিকট স্মারকলিপি পেশ করেন।