দলীয় কর্মীকে পেটালো রাবি ছাত্রলীগ

আপডেট : ১৪ মার্চ ২০১৬, ০০:৪০
টিভিতে খেলা দেখাকে কেন্দ্র করে ইট দিয়ে দলীয় এক কর্মীকে পিটিয়ে আহত করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। গত রোববার রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের মাদার বখশ হলে এ ঘটনা ঘটে।
আহত ছাত্রলীগকর্মী নাঈম আহমেদ বিশ্ববিদ্যালয়ের ভাষা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। ঘটনার পর তাকে রাজশাহী বিশ্ববিদ্যালয় মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে। তিনি ছাত্রলীগের রুনু-কিবরিয়া গ্রুপের অনুসারী।
প্রত্যক্ষদর্শীরা জানান, হলের গেমস রুমে নাঈম পিছনের চেয়ারে বসে বাংলাদেশ-ওমানের মধ্যকার টি-টোয়েন্টি খেলা দেখছিলেন। এ সময় সামনে বসা ছাত্রলীগের অন্যগ্রুপের নেতা সাকিবুল হাসান বাকির অনুসারী রিফাত, আরাফাত, বাপ্পী ও তাদের সহযোগীদের খেলা দেখার জন্য মাথা অন্য দিকে কাত করতে বলে নাঈম। এ নিয়ে কথা-কাটাকাটির এক পর্যায়ে নাঈমকে ইট দিয়ে বেদম প্রহার করে রিফাত ও তার সহযোগীরা।
পরে হলের শিক্ষার্থীরা আহতাবস্থায় নাঈমকে বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রে নিয়ে যায়। এ বিষয়ে আসাদুজ্জামান রিফাতের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।
বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদুল ইসলাম রাঞ্জু বলেন, ‘আমি বিষয়টি শুনেছি। দোষীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে। এছাড়া ঘটনায় জড়িতদের মধ্যে আরাফাত ও বাপ্পী মাদার বখশ হলের আবাসিক শিক্ষার্থী না হওয়ায় সোমবার সকাল ১০টার মধ্যে হল থেকে বেরিয়ে যেতে বলা হয়েছে।’