নওগাঁ প্রতিনিধি
আগামী ১৮ মার্চ অনুষ্ঠিতব্য উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে আত্রাইয়ের প্রতিটি জনপদ সরগরম হয়ে উঠেছে। নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে ভোটের আমেজ ততই বাড়ছে। পোষ্টারে ছেয়ে গেছে উপজেলার প্রতিটি এলাকা। প্রচার প্রচারণায় মুখর হয়ে উঠেছে চায়ের দোকান, হোটেল, রেস্তোরাঁসহ প্রতিটি দোকান। লিফলেট হাতে কাক ডাকা ভোর থেকে মধ্যরাত পর্যন্ত চলছে প্রার্থীদের প্রচার-প্রচারণা।
চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীদের পদচারণায় এখন ঘুম ভাঙছে ভোটারদের। ভোর হলেই কড়া নাড়ছেন প্রার্থীরা। মনে হয় ভোটার ও প্রার্থীর মধ্যে আছে আত্মীয়তার বন্ধন, যা অটুট রাখতে মরিয়া প্রার্থীরা। উপজেলা নির্বাচনে আওয়ামী লীগ ছাড়াও জাতীয় পার্টি ও জাকের পার্টি মাঠে রয়েছে।
আত্রাই উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকা প্রতীক নিয়ে লড়ছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এবাদুর রহমান প্রামানিক। তিনি উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বর্তমান চেয়ারম্যান, আনারস প্রতীক নিয়ে লড়ছেন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আজিজুর রহমান পলাশ। তিনি পল্লী বিদ্যুত্ সমিতির সাবেক পরিচালক। অপরদিকে উপজেলা জাতীয় পার্টিতে সদ্য যোগদানকারী বিথীন্দ্র নাথ সাহা লাঙ্গল প্রতীক নিয়ে ও জাকের পার্টির নেতা রবি রায়হান গোলাপ ফুল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ভাইস চেয়ারম্যান পদে লড়ছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চৌধুরী গোলাম মোস্তফা বাদল, উপজেলা যুবলীগের সভাপতি শেখ হাফিজুল, স্বপন কুমার দত্ত, উপজেলা শ্রমিক লীগের সভাপতি আব্দুস ছালাম ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবু। আর মহিলা ভাইস চেয়ারম্যান পদে লড়ছেন উপজেলা মহিলা লীগের সভানেত্রী ও বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম, উপজেলা আওয়ামী লীগের মহিলা সম্পাদিকা শামসুন নাহার, শামীমা আরা বেগম, ফেরদৌসী জেলী ও রওশন আরা পারভীন।
পোস্টারে ছেয়ে গেছে ধামইরহাটের অলিগলি
ধামইরহাট (নওগাঁ) সংবাদদাতা জানান, আগামী ১৮ মার্চ অনুষ্ঠিতব্য উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে ধামইরহাটের প্রতিটি জনপদ সরগরম হয়ে উঠেছে। নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে ভোটের আমেজ ততই বাড়ছে। চারিদিকে বিরাজ করছে সাজ সাজ রব। পোস্টারে ছেয়ে গেছে উপজেলার প্রতিটি অলিগলি। ধামইরহাট উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকা প্রতীক নিয়ে লড়ছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আজাহার আলী। এছাড়া চেয়ারম্যান পদে স্বতন্ত্র হিসেবে কাপ-পিরিচ প্রতীক নিয়ে আনম আফজাল হোসেন, আনারস প্রতীক নিয়ে হানজালা এবং ঘোড়া প্রতীক নিয়ে আয়েনউদ্দিন ডালিম প্রতিদ্বন্দ্বিতা করছেন। অপরদিকে উপজেলা জাতীয় পার্টির মনোনীত প্রার্থী দেওয়ান আব্দুল হান্নান বাবুল লাঙ্গল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভাইস চেয়ারম্যান পদে উপজেলা যুবলীগের সহ-সভাপতি আব্দুল হাই দুলাল(তালা), উপজেলা যুবলীগের সহ-সভাপতি সেলিম মাহমুদ রাজু (টিয়া পাখি), উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সোহেল রানা(উড়োজাহাজ) এবং উপজেলা যুবলীগের সাবেক সভাপতি নুর ইসলাম মন্ডল নুরুল(টিউবওয়েল) এবং মহিলা ভাইস চেয়ারম্যান উপজেলা মহিলা লীগের সভানেত্রী আনজুয়ারা (হাঁস), পৌর যুবলীগের মহিলাবিষয়ক সম্পাদক তমা আকতার (পদ্ম ফুল), আদিবাসী নারী নেত্রী সাবিনা এক্কা(কলস) এবং ফুটবল প্রতীক নিয়ে লড়ছেন শাহিনা।
