বরিশাল অফিস
বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদ এবং আইন অনুষদের যৌথ আয়োজনে “প্রথম ইন্টারন্যাশনাল কনফারেন্স অন সোস্যাল সায়েন্স এন্ড ল” শীর্ষক সম্মেলন গতকাল শুক্রবার অনুষ্ঠিত হয়। সকালে দু’দিনব্যাপী সম্মেলনের উদ্বোধন করেন অনুষ্ঠানের সভাপতি বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. এস এম ইমামুল হক। আন্তর্জাতিক এ সম্মেলনের উদ্বোধনী পর্বে প্রধান বক্তা ছিলেন দিল্লি বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের প্রফেসর ড. অভিজিত দাস গুপ্ত। অতিথি ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. এ কে এম মাহবুব হাসান, ভারতের ইনস্টিটিউট ফর ডিফেন্স স্টাডিজ এর রিসার্চ ফেলো ড. শ্রুতি এস পাটনায়েক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের প্রফেসর ড. মনিরুল ইসলাম খান উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিক অনুষদের ডিন, ইংরেজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. মুহসিন উদ্দীন, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন, মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান এবং রেজিস্ট্রার ড. মো. হাসিনুর রহমান। সম্মেলনে বরিশাল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের চেয়ারম্যানবৃন্দ, শিক্ষকমণ্ডলী, দেশ ও দেশের বাহিরের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষক, গবেষক, বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। সম্মেলন আয়োজক কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন ববির সমাজবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অসীম কুমার নন্দী এবং সদস্য সচিব ছিলেন আইন বিভাগের চেয়ারম্যান সুপ্রভাত হালদার। অনুষ্ঠান সঞ্চালনা করেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক সোহেল রানা। সম্মেলনের সমাপনী পর্ব আজ শনিবার অনুষ্ঠিত হবে।
