নাগরপুরে অবৈধ বালু উত্তোলনের দায়ে ড্রেজার ও ভেকু জব্দ

আপডেট : ১৫ মার্চ ২০১৯, ২২:০৩

নাগরপুর (টাঙ্গাইল) সংবাদদাতা

নাগরপুরের উপর দিয়ে বয়ে যাওয়া ধলেশ্বরী নদীর বিভিন্ন স্থানে ড্রেজার মেশিন বসিয়ে অবৈধ বালু উত্তোলন এবং ভেকু দিয়ে বালু কেটে পাচারের অপরাধে ৩টি ড্রেজার মেশিন ও ১টি ভেকু জব্দ করেছে নাগরপুর উপজেলা প্রশাসন।

জানা গেছে, দীর্ঘদিন ধরে বেশ কয়েকটি চক্র ধলেশ্বরী নদীতে ড্রেজার মেশিন বসিয়ে ও নদীর বুকে জেগে ওঠা চরে ভেকু দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে ট্রাক্টর ও ডাম্পারযোগে উপজেলার বিভিন্ন স্থানে পাচার করে আসছিল। গত এক বছর ধরে ওই বালুখেকো চক্র নাগরপুরের মোকনা ইউনিয়নের কেদারপুরে অবস্থিত শেখ হাসিনা সেতুর নিচে অর্ধ কি.মি. এলাকার পয়েন্টে ধলেশ্বরী নদীর চর রাতের আঁধারে কেটে ডাম্পারযোগে পাচার করে আসছে। অবৈধভাবে বালু উত্তোলনের ফলে হুমকির মধ্যে পড়তে যাচ্ছে ৫২০.৬০ মিটার পিসি গার্ডার এ সেতুটি। বালুগুলো ট্রাক্টর ও ডাম্পারযোগে পাচারের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে নাগরপুর-মির্জাপুর ভায়া মোকনা সড়ক। এ দিকে, নদীপাড়ের মানুষ প্রভাবশালী এ চক্রগুলোর ব্যাপারে প্রকাশ্যে কোনো প্রতিবাদ করতেও সাহস পায় না। যার ফলে অবাধে বালু কেটে সাবার করছিল বালুখেকোরা। নাম প্রকাশে অনিচ্ছুক নদীপাড়ের এক মহিলা জানান, বালুখেকোরা এতটাই প্রভাবশালী যে, বালু কাটতে বাধা দিতে গেলে মারতে আসে এবং পুলিশের ভয় দেখায়। গত কয়েকদিন আগে রাতের বেলা পুলিশ এসে তাদের ধরে অজ্ঞাত কারণে আবার ছেড়ে দেয়।

নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ ফয়েজুল ইসলাম বলেন, ধলেশ্বরী নদীতে পরিবেশ বিধ্বংসী কাজের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।