ইত্তেফাক ডেস্ক
দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় আটজন নিহত ও ১০ জন আহত হওয়ার খবর পাঠিয়েছেন ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতারা।
নগরকান্দা (ফরিদপুর): ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুরের নগরকান্দা উপজেলার জয়বাংলা বিশ্বরোড মোড়ে শুক্রবার বাস চাপায় এক পথচারী নিহত হয়েছেন। নিহতের নাম জালাল মোল্যা (৭৫)। তার বাড়ি উপজেলার পুরাপাড়া ইউনিয়নের দফা গ্রামে।
নগরকান্দা থানার ওসি (তদন্ত) মিরাজ হোসেন বলেন, ঘটনার পরপরই মাদারীপুরের শিবচর থেকে বাসটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে।
জামালপুর: বৃহস্পতিবার রাতে জামালপুর-টাঙ্গাইল মহাসড়কে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও চারজন আহত হয়েছেন। নিহত হলেন স্বর্ণ ব্যবসায়ী নুরুল হক (৬৫)। আহতদের জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘাতক ট্রাক আটক করা হলেও চালক পালিয়ে গেছে। জামালপুর সদর থানার ওসি মো. সালেমুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
চাটমোহর (পাবনা): বৃহস্পতিবার সন্ধ্যায় চাটমোহরে ব্যাটারিচালিত অটোবাইক চাপায় এক শিশু নিহত হয়েছে। তার নাম সৌরভ হোসেন। সে উপজেলার মথুরাপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের আক্কাস আলী ওরফে আক্কার ছেলে।
ডুমুরিয়া (খুলনা): বৃহস্পতিবার রাতে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়া উপজেলার কাঞ্চনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে সড়ক দুর্ঘটনায় এক গৃহবধূ নিহত হয়েছেন। তার নাম ফাতেমা বেগম (৪০)। দুর্ঘটনায় আহত হয়েছে নিহতের মেয়ে তৃপ্তিসহ পাঁচজন।
হাইওয়ে পুলিশ ক্যাম্পের এসআই ওমর ফারুক জানান, এ ব্যাপারে মামলা হয়েছে।
নাগেশ্বরী (কুড়িগ্রাম): বৃহস্পতিবার রাতে নাগেশ্বরীতে বাসের ধাক্কায় এক মোটর সাইকেল আরোহী নিহত ও একজন আহত হয়েছেন। নিহত হচ্ছে হাসনাবাদ ইউনিয়নের খামার হাসনাবাদ বলাইয়ের পাঠ গ্রামের জয়নুদ্দিনের ছেলে আবু বকর (৫০)।
নাগেশ্বরী থানার ওসি জাকির উল ইসলাম চৌধুরী এর সত্যতা নিশ্চিত করেছেন।
সোনাতলা (বগুড়া): বৃহস্পতিবার সোনাতলার রাণীরপাড়া (কেল্লাগাড়ি) গ্রামে একটি অটোভ্যানের ধাক্কায় এক স্কুলছাত্রী নিহত হয়েছে। তার নাম সামিয়া খাতুন (৭)। সে ওই গ্রামের সাজু মন্ডলের মেয়ে।
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ): বৃহস্পতিবার সন্ধ্যায় ঈশ্বরগঞ্জে বাস চাপায় অটোরিক্সা যাত্রী এক নারীর মৃত্যু হয়েছে। নিহতের নাম আসমা আক্তার (৩০)। তিনি উপজেলার সোহাগী ইউপির ভালুকবের গ্রামের আবুল খায়েরের স্ত্রী।
পাংশা (রাজবাড়ী): শুক্রবার সকালে পাংশার কালুখালীতে ট্রাক ও অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে মাইসা (৮মাস) নামে এক শিশু নিহত হয়েছে। সে উপজেলার বোয়ালীয়া ইউনিয়নের পাকশিয়া গ্রামের মো. ইসলামের মেয়ে।
পাংশা হাইওয়ে থানার ওসি এসএম জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জনান, ঘাতক ট্রাক ও হেলপারকে আটক করা হয়েছে। তবে চালক পলাতক রয়েছে।
