পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠির) জলাবাড়ি ইউনিয়নে জাতীয় পার্টি (জেপি) মনোনীত চেয়ারম্যান প্রার্থী মো. তৌহিদুল ইসলামের নির্বাচনী অফিসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
রবিবার রাতে ওই ইউনিয়নের নাপিতখালী ব্রিজের দক্ষিণ পাড়ে অবস্থিত ওই ক্যাম্পে আগুন দেয়ার ঘটনা ঘটে।
স্থানীয় দোকানদার ও মাছ ব্যবসায়ী শংকর কুমার দাস জানান, রাত সাড়ে ১২ টার দিকে সাইকেল প্রতীকের নির্বাচনী অফিসে আগুন জ্বলতে দেখে তিনি চিৎকার দেন। এ সময় পার্শ্ববর্তী দোকানের লোকজন বের হয়ে আগুন নিভিয়ে ফেলে।
জেপি প্রার্থী তৌহিদুল ইসলাম অভিযোগ করে বলেন, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আশিস বড়াল রবিবার সন্ধ্যায় ৪/৫ জন লোক নিয়ে এসে নির্বাচনী অফিস স্থানান্তর করার হুমকি দেয়। এ কারণে তিনি আশীস বড়াল ও তার লোকজন আগুন দিয়েছে বলে ধারণা করছেন।
এ ঘটনায় তিনি থানায় ও রিটার্নিং অফিসার বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।
আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আশীস বড়াল অভিযোগ অস্বীকার করে বলেন, 'তারা নিজেরা আগুন দিয়ে নাটক সাজিয়েছে।'
