মেক্সিকোর উত্তরাঞ্চলে রোববার মাদক বিরোধী অভিযান চলাকালে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে সন্দেহভাজন কমপক্ষে ১০ অপরাধী নিহত হয়েছে। বার্তা সংস্থা এএফপি’র খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সীমান্তবর্তী রেয়নোসা নগরীতে রোববার ভোরের আগে সেনা সদস্য, ফেডারেল পুলিশ ও নৌ সেনারা মাদক বিরোধী এ অভিযান চালায়।
তামাওলিপাস রাজ্যের নিরাপত্তা টাস্ক ফোর্স এক বিবৃতিতে জানায়, অপরাধীরা খেলার সামগ্রী বহনকারী একটি গাড়িতে করে একটি অ্যাভিনিউ দিয়ে পালানোর সময় নৌ সেনাদের সঙ্গে তাদের সংঘর্ষ বাধে। এ সময় চার সন্দেহভাজন অপরাধী নিহত হয়। প্রথম দফা সংঘর্ষের পর অপরাধীরা বেশ কয়েকটি গাড়ি, ট্রাক ও বাস ছিনতাই করে তাতে আগুন ধরিয়ে দিয়ে বিভিন্ন সড়ক অবরোধ করে। তামাওলিপসা রাজ্যে গ্রেফতার এড়াতে সংঘবদ্ধ চক্র নিয়মিত এ ধরণের কৌশল অবলম্বন করে থাকে। বিবৃতিতে আরো বলা হয়, রেয়নোসা নগরীর অন্য দুটি এলাকায় বন্দুকযুদ্ধে আরো ছয় সন্দেহভাজন অপরাধী নিহত হয়।
অভিযানের সময় এক অপরাধীকে ধাওয়া করার সময় একটি সামরিক যান উল্টে চার সৈন্য সামান্য আহত হয়েছেন। রাস্তা থেকে অপরাধীদের তৈরি করা প্রতিবন্ধকতা সরিয়ে নেয়া হয়েছে। মাদক পাচারকারী সংগঠন গালফ ও জেটাস এক সময় মিত্র থাকলেও এখন তারা এ অঞ্চলে মাদক ব্যবসা নিয়ন্ত্রণের জন্য পরস্পরের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত রয়েছে। এটি মেক্সিকোর অন্যতম বিপজ্জনক এলাকা। তবে কর্তৃপক্ষের দাবি, ২০১৪ সাল থেকে মাদক সংগঠন গালফের অভ্যন্তরীণ ক্ষমতার লড়াইয়ের ফলেই বেশিরভাগ সহিংসতা হচ্ছে। কেন্দ্রীয় সরকার ২০১৪ সালের মে মাসে তামাওলিপাস রাজ্যে নিরাপত্তা বজায় রাখতে সামরিক নিয়ন্ত্রণ জোরদার করেছে। এএফপি।
