বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার উত্তর বারইখালী গ্রামে নিখোঁজ স্কুলছাত্রী জান্নাতি আক্তারের (১১) লাশ উদ্ধার করা হয়েছে। সে ওই গ্রামের জালাল উদ্দিন ওরফে জালু শেখের মেয়ে ওবারইখালী মানিক মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্রী ছিল। ঘটনায় জড়িত সন্দেহে সেলিনা বেগম (৫০) নামে এক নারীকে আটক করেছে পুলিশ।
পারিবারিক সূত্রে জানা গেছে, রবিবার রাতে জান্নাতি বাবা-মায়ের সঙ্গে হাজি ইব্রাহীম স্মৃতি দাখিল মাদরাসায় মাহফিল শুনতে যায়। সেখান থেকে রাত ১০ টার দিকে জান্নাতি নিঁখোজ হয়। ঘটনা থানায় জানানো হয়। পুলিশ ফোর্স রাত দুইটা পর্যন্ত তাকে খোঁজাখুঁজি করেও পায়নি। সকাল ১০ টার দিকে স্থানীয় বাসিন্দা মো. জাহাঙ্গির হোসেন গরু নিয়ে মাঠে গেলে পার্শ্ববর্তী খালে জান্নাতির লাশ দেখতে পায়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠায়।
নিহতের বাবা জালাল উদ্দিন শেখ জানান, জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষরা এ ঘটনা ঘটিয়েছে।
পুলিশ সুপার এনামূল হক মিঠু ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
পুলিশের ধারণা, শিশুটিকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।
মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুল আলম তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
