তিতাসে প্রতীক নিয়ে এলাকায় ফিরলেন স্বতন্ত্র প্রার্থী পারভেজ

আপডেট : ১৫ মার্চ ২০১৯, ২২:০৫

তিতাস (কুমিল্লা) সংবাদদাতা

কুমিল্লার তিতাসে প্রায় দেড় বছর পর উপজেলা নির্বাচনের প্রতীক বরাদ্দের পর এলাকায় ফিরলেন স্বতন্ত্র প্রার্থী কুমিল্লা (উত্তর) জেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান পারভেজ হোসেন সরকার। শুক্রবার বিকালে পর্যাপ্ত নিরাপত্তার মধ্য দিয়ে তিনি  নিজ গ্রাম কালাইগোবিন্দপুর আসেন। চতুর্থ ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে তিতাসে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বর্তমান উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাহিনুল ইসলাম সোহেল শিকদার (নৌকা) এবং স্বতন্ত্র প্রার্থী কুমিল্লা (উত্তর) জেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান পারভেজ হোসেন সরকার আনারস প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদের মধ্যে ২০১৭ সালের ১১ মে আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষের ঘটনার পর পারভেজ সরকার ঢাকায় চলে যান। এরপর তিনি আর এলাকায় আসেননি। এদিকে সাহিনুল ইসলাম সোহেল শিকদার এলাকায় দলীয় কার্যক্রমের পাশাপাশি উপজেলা ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

প্রতীক বরাদ্দের পর শুক্রবার পারভেজ হোসেন সরকার এলাকায় ফিরলে তাকে কেন্দ্র করে যেন কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কঠোর ব্যবস্থা নেওয়া হয়। পারভেজ হোসেন সরকার নিজ গ্রামে আসার আগে বাতাকান্দি উচ্চ বিদ্যালয় সংলগ্ন পিতা-মাতার কবর জিয়ারত করেন। এরপর তিনি গ্রামের অস্থায়ী নির্বাচনী ক্যাম্পে বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন।