মৌলভীবাজার শহরের বনশ্রী এলাকায় সাবেক পৌর কমিশনার ও ব্যবসায়ী ইউসুফ আলীর বাসায় ডাকাতি সংঘটিত হয়েছে।
রবিবার দিনগত রাতে সংঘবদ্ধ একটি ডাকাতদল ঘরে প্রবেশ করে বাসার লোকজনদের অস্ত্রের মুখে জিম্মি করে কক্ষে আটকে রাখে। এ সময় ডাকাতদল ৪৫ ভরি স্বর্ণালংকার, নগদ চার লক্ষ টাকা, একটি মোটরসাইকেল, ছয়টি দামী মোবাইল সেটসহ মূল্যবান মালামালসহ প্রায় ২০ লক্ষ টাকার মালামাল লুট করে নেয়।
ব্যবসায়ী মো. ইউসুফ আলী জানান, ১৫ থেকে ২০ জনের একদল ডাকাত রাত সাড়ে তিনটায় তার বাসায় প্রবেশ করে সবাইকে ঘুম থেকে জাগিয়ে হাত-পা বেঁধে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে কক্ষে আটকে রাখে। ডাকাতদল প্রায় দেড় ঘণ্টা বাসার ভেতর অবস্থান করে মালামাল লুট করে। বাসার কোনো দরজা-জানালার তালা বা লক ভাঙ্গা না থাকায় তিনি ধারণা করছেন ডাকাত দলের কোনো সদস্য আগে থেকে বাসার ভেতর লুকিয়ে ছিল।
মৌলভীবাজার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় পুলিশ বাসার কাজের ছেলেকে আটক করেছে।
