মুরাদনগরে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু, হাসপাতালের সবাই পলাতক

আপডেট : ১৪ মার্চ ২০১৬, ১৪:৫৬
কুমিল্লার মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ডক্টরস ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড হাসপাতালে ভুল চিকিৎসায় ডালিয়া আক্তার নামে এক প্রসূতির মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
 
রবিবার বিকেলে গাইনী সার্জন চিকিৎসক শিরিন সুলতানার তত্ত্বাবধানে অপারেশন চলাকালে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে চিকিৎসক-নার্সসহ হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা পলাতক রয়েছে।
 
জানা গেছে, উপজেলার কামাল্লা ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের প্রবাসী লিটন ভুইয়ার স্ত্রী ডালিয়া আক্তার (৩০) সন্তান প্রসব করার জন্য রবিবার সকালে ওই হাসপাতালে ভর্তি হন। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক অপারেশনের সিদ্ধান্ত নিলে বিকেলে গাইনি সার্জন শিরিন সুলতানার তত্ত্বাবধানে অপারেশন শুরু হয়। ডালিয়া একটি ছেলে সন্তান প্রসব করে। এরপরই তিনি মারা যান।
 
নিহতের স্বজনদের অভিযোগ, চিকিৎসকদের অবহেলার কারণে প্রসূতির মৃত্যু ঘটেছে। তিনি বলেন, রক্তশূন্যতা জেনেও চিকিৎসক প্রয়োজনীয় রক্ত সংগ্রহ না রেখে অপারেশন চালিয়ে যাওয়ায় তার মৃত্যু হয়।
 
এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে চিকিৎসক-নার্সসহ হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা পালিয়ে যায়।  পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি শান্ত করে।
 
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওমি) মিজানুর রহমান বলেন, ‘আমি কুমিল্লায় আইজিপি স্যারের প্রোগ্রামে আছি। এ বিষয়ে কিছু বলতে পারব না।’