নরসিংদীর শিবপুর উপজেলার সাতটি ইউনিয়নে নির্বাচন উপলক্ষে সোমবার প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। কিন্তু আচরণ বিধি লঙ্ঘন করে প্রতীক নিয়েছেন একাধিক প্রার্থী।
সরকার দলীয় প্রার্থীদের অনেকে কেউ মটর সাইকেল শোডাউন, কেউ প্রাইভেট কার ও মাইক্রোবাস, কেউ সিএনজি, কেউ নছিমন অটোরিকশা ইত্যাদি যানবাহনে শোডাউন করে উপজেলা নির্বাচন অফিস চত্ত্বরে প্রতীক নিতে আসে।
এমনকি প্রতীক বরাদ্দের আগেই প্রতীক সম্বলিত বস্তু নিয়ে প্রতীক নিতে আসে কেউ কেউ। এর মধ্যে উপজেলা পুটিয়া ইউনিয়নের আওয়ামী লীগ প্রার্থী খন্দকার হাসান উল সানী (এলিছ) ইঞ্জিনচালিত নৌকা নিয়ে আসেন। জয়নগর ইউপি আওয়ামী লীগ প্রার্থী নাদিম সরকার মটর সাইকেল নিয়ে আসেন। আইয়ুবপুর ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান খন্দকার আবু তাহের ও আব্দুল লতিফ খান মোটরসাইকেল নিয়ে আসেন। তাছাড়া বিভিন্ন ইউনিয়নের একাধিক মেম্বার প্রার্থী শোডাউন নিয়ে আসে।
কিন্তু এসব প্রার্থীরা আচরণ বিধি লঙ্ঘন করলেও সংশ্লিষ্ট রিটানিং অফিসার কিংবা উপজেলা প্রশাসন ছিলেন নির্বিকার। তারা কোন ব্যবস্থা নেয়নি বলে জানান প্রত্যক্ষদর্শীরা।
এ ব্যাপারে উপজেলা নির্বাচন অফিসার শাহীনা ইসলাম চৌধুরী ও রিটানিং অফিসার (যোশর, বাঘাব ও জয়নগর ইউপি) বলেন, আমরা প্রতীক বরাদ্দ কাজে ব্যস্ত ছিলাম। ফলে মাঠে কোন প্রার্থী আচরণবিধি লঙ্ঘন করেছে কিনা আমরা দেখিনি। প্রতীক বরাদ্দ নিয়ে কোন প্রার্থীর আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আশরাফুল আফসার বলেন, আচরণ বিধি লঙ্ঘন নিয়ে কেউ লিখিত অভিযোগ করলে ব্যবস্থা নেয়া হবে।
