মাইকসহ আটক চার
রাণীনগর (নওগাঁ) সংবাদদাতা
রাণীনগর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি, দুজন স্বতন্ত্র প্রার্থী এবং যুবলীগের চারজনসহ ১০জনকে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার তাদের বহিষ্কারের বিষয়টি এলাকায় মাইকিং করে প্রচার হয়। এদিকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে বহিষ্কারাদেশ মাইকিং করার অভিযোগে পুলিশ চারজনকে আটক এবং একটি অটোচার্জারসহ মাইকিং সরঞ্জাম জব্দ করেছে।
বহিষ্কৃতরা হলেন- রাণীনগর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল বারী মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী রেজাউল ইসলাম, সদস্য রেজাউল ইসলাম বেলাল, প্রাথমিক সদস্য ও স্বতন্ত্র প্রার্থী আনোয়ার হোসেন হেলাল, কালীগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস ও একডালা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মোল্লা। এছাড়া রাণীনগর উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, সহ-সম্পাদক হারুন মোল্লা, সদস্য মীর মোয়াজ্জেম হোসেন লিটন ও একডালা ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক বছির আলী মিঠু।
উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, নওগাঁ জেলা আওয়ামী লীগের সদস্য এবং রাণীনগর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী (স্বতন্ত্র) রেজাউল ইসলাম জানান, বহিষ্কারের বিষয়টি শুনেছি, কিন্তু এখনো কোনো চিঠি পাইনি।
উপজেলা আওয়ামী লীগের প্রাথমিক সদস্য, পরিষদের সাবেক চেয়ারম্যান ও আসন্ন উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী (স্বতন্ত্র) আনোয়ার হোসেন হেলাল বলেন, আমি এ ব্যাপারে নওগাঁ জেলা আওয়ামী লীগের সভাপতিকে জানিয়েছি। তিনি বলেন, এ বিষয়ে তাকে কেউ কিছু জানায়নি। তবে দল থেকে এ রকম কোনো নির্দেশনা আছে বলে আমার জানা নেই।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজ উদ্দীন ও রাণীনগর উপজেলা আওয়ামী যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি রুহুল আমিন জানান, জামায়াত শিবির ও বিএনপি’র সঙ্গে আঁতাত করে দলীয় প্রার্থীর বিরুদ্ধে প্রার্থী হওয়া এবং স্বতন্ত্র প্রার্থীদের সমর্থন করে দলীয় শৃংখলা ভঙ্গের দায়ে আওয়ামী লীগের ছয়জন ও যুবলীগের চারজনকে বহিষ্কার করা হয়েছে।
রাণীনগর থানার ওসি এএসএম সিদ্দিকুর রহমান বলেন, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে বহিষ্কারের আদেশ মাইকিংয়ে প্রচার করায় চারজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়েছে।
