নওগাঁ সদর উপজেলা জামায়াতের আমীর ও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আবু সাদাত মুহম্মদ সায়েমকে গ্রেফতার করেছে সদর পুলিশ। সোমবার দুপুরে শহরের বাংগাবাড়ীয়া থেকে তাকে গ্রেফতার করা হয়।
নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকিরুল ইসলাম জানান, গত বছর সারা দেশে জামায়াত-বিএনপির তাণ্ডবের সময় বিভিন্ন নাশকতা ঘটানো হয়। ওই বছরের ২৫ জানুয়ারি নওগাঁ বাসস্ট্যান্ডে গাড়ি পোড়ানোর সঙ্গে জড়িত ছিলেন নওগাঁ সদর উপজেলা জামায়াতের আমীর ও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আবু সাদাত মুহম্মদ সায়েম। এ ছাড়াও তিনি ২০ দলীয় জোটের ডাকা হরতালের বিভিন্ন অগ্নিসংযোগসহ নাশকতার মামলার আসামি।
