শৈলকুপায় চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা হবে আওয়ামী লীগ ও বিদ্রোহী প্রার্থীর

আপডেট : ১৫ মার্চ ২০১৯, ২২:০৬

ভ্রাম্যমাণ প্রতিনিধি

আগামী ২৪ মার্চ অনুষ্ঠিত হবে শৈলকুপা উপজেলা পরিষদের নির্বাচন। এদিকে প্রতীক বরাদ্দের পর জমে উঠেছে প্রচারণা। শৈলকুপা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের জেলা কমিটির সদস্য নায়েব আলি জোয়ার্দ্দার দলীয় মনোনয়ন পেয়েছেন। তার নৌকা প্রতীকের বিরুদ্ধে শৈলকুপা আওয়ামী লীগের সভাপতি মোশারফ হোসেন শিকদার (সোনা শিকদার) বিদ্রোহী প্রার্থী হয়ে (স্বতন্ত্র) আনারস প্রতীক নিয়ে লড়ছেন। অন্য কোনো প্রার্থী না থাকায় শৈলকুপায় চেয়ারম্যান পদে নৌকা ও আনারসের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে।

উপজেলায় দলের নেতাকর্মীরা দুই শিবিরে বিভক্ত হয়ে প্রচারণা শুরু করেছেন। নায়েব আলি জোয়ার্দ্দারের পক্ষে শৈলকুপা পৌর মেয়র আওয়ামী লীগ পৌর কমিটির সভাপতি কাজী আশরাফুল আজম ও দলের উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মনোহরপুর ইউপি চেয়ারম্যান আরিফ রেজা মন্নু প্রচারণায় নেমেছেন। সাথে তাদের সমর্থক দলীয় কর্মীরা রয়েছেন। অপরদিকে মোশারফ হোসেন শিকদারের পক্ষে দলীয় কয়েকজন ইউপি চেয়ারম্যান রয়েছেন। নির্বাচনী  উত্তেজনার মধ্যে দুই প্রার্থী  প্রচারণা চালাচ্ছেন।

মোশারফ হোসেন শিকদার বলেন, তিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান উপজেলা চেয়ারম্যান। দলের নেতাকর্মীরা তার সাথে আছে। জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী।

আওয়ামী লীগ প্রার্থী নায়েব আলি জোয়ার্দ্দার বলেন, দলের নেতাকর্মীরা তার সাথে আছে। তিনি বিজয়ী হবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। এছাড়া ভাইস চেয়ারম্যান পদে এসএম রানাউজ্জামান বাদশা, মোঃ শামিম হোসেন, মোঃ জাহিদুন্নবী, মোঃ শাকিল আহম্মেদ ও  মোঃ শিহাবুজ্জামান এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে সাফিয়া খাতুন, আফরোজা নাসরিন লিপি, নিলুফা ইয়াসমিন, রিনা পারভিন ও সুলতানা বুলবুলি প্রতিদ্বন্দ্বিতা করছেন।