মুসলমানদের মধ্যে এক-চতুর্থাংশই জঙ্গিবাদী: ট্রাম্প

আপডেট : ১৪ মার্চ ২০১৬, ১৯:১৪
'মুসলমানদের মধ্যে 'এক-চতুর্থাংশ জঙ্গিবাদী' বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের নির্বাচনে রিপাবলিকান দলের এগিয়ে থাকা মনোনয়ন প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্প। রবিবার ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্প তার সর্বশেষ মুসলমানবিরোধী মন্তব্য করেন।
 
ফক্স নিউজকে ট্রাম্প বলেন, '১৬০ কোটির মধ্যে ২৭ শতাংশ মুসলমান জঙ্গি, এটি ৩৫ শতাংশও হতে পারে, যারা যুদ্ধে যেতে পারে, এরা প্রবলভাবে শত্রুভাবাপন্ন।' এর আগে 'পৃথিবীর ১৬০ কোটি মুসলমানকে জঙ্গিবাদী মনে করেন কি?' এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেছিলেন, এর মধ্যে অনেকেই জঙ্গিবাদ সমর্থক।
 
সারা পৃথিবীতে এক লাখের মত জঙ্গি রয়েছে উপস্থাপকের এমন মন্তব্যের জবাবে ট্রাম্প বলেন 'যারা এই জরিপ করেছে তারা আপনার মতোই ভুল করেছে।' তিনি আরেকটি জরিপকে উদ্ধৃত করে বলেন, ২৭ শতাংশ মুসলমানকে সেখানে জঙ্গিবাদী হিসেবে দেখানো হয়েছে।
 
মুসলমানবিদ্বেষী মন্তব্যে দলের ভেতরেসহ সারা বিশ্বে সমালোচনার মুখে রয়েছেন ট্রাম্প। তবে এসব নিয়ে খুব সামান্যই ভ্রূক্ষেপ রয়েছে তার। সূত্র: এনডিটিভি