সাতক্ষীরায় ইউপি নির্বাচনকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৭

আপডেট : ১৪ মার্চ ২০১৬, ১৯:৪৯
সাতক্ষীরার আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নে ইউপি নির্বাচনের প্রচারণাকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপি প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে সাতজন আহত হয়েছে। 
 
সোমবার বিকেল ৪টার দিকে আনুলিয়া ইউনিয়নের মনিপুর খেয়াঘাট নামকস্থানে এ সংঘর্ষের ঘটনা ঘটে। 
 
আহতরা হলেন- বিএনপি প্রার্থীর সমর্থক একসোরা গ্রামের সোনাগাজী, মুছা শিকারী, খোরশেদ আলম ও রাজাপুর গ্রামের আলাউদ্দীন সানা এবং আওয়ামী লীগ প্রার্থীর সমর্থক বিছট গ্রামের আলাউদ্দিন গাজী, কদম আলী ও মনিপুর গ্রামের আব্দুল খালেক।  
 
আহতদের পার্শ্ববর্তী খুলনা জেলার কয়রা উপজেলার জায়গিরমহল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে আলাউদ্দিন গাজীর অবস্থা আশংকাজনক বলে জানা গেছে। 
 
আনুলিয়া ইউনিয়নের বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থী রুহুল কুদ্দুসের ভাই আমিনুর রহমান বলেন, তার ভাই চেয়ারম্যান প্রার্থী হলেও তাকে দীর্ঘদিন এলাকায় ঢুকতে দিচ্ছে না আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী আলমগীর আলম লিটন। 
 
সোমবার দুপুরে তার ভাইয়ের ১০/১২ জন কর্মী-সমর্থক প্রচারণা শেষে ভোলানাথপুর গ্রামের সাবেক ইউপি মেম্বর আজগর আলীর বাড়িতে দুপুরে খাওয়ার দাওয়া করছিল। এ সময় আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী আলমগীর আলম লিটনের কর্মী একসোরা গ্রামের শওকাত হোসেনের নেতৃত্বে শতাধিক লোক লাঠি সোটা ও ধারালো অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়। গ্রামবাসী এতে প্রতিরোধ গড়ে তুললে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। এ সময় উভয় পক্ষের সাতজন আহত হন। 
 
এদিকে, আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আলমগীর আলম লিটন বলেন, বিএনপি’র নেতা-কর্মীরা তার নেতা-কর্মীদের ওপর হামলা চালিয়েছে। এতে তার পাঁচজন কর্মী আহত হয়েছেন বলে তিনি দাবি করেন।
 
আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়োন করা হয়েছে। তিনি আরো জানান, কালিগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার মীর মনির হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।