বাগেরহাট প্রতিনিধি
আসন্ন উপজেলা পরিষদের নির্বাচনে বাগেরহাটের ৯ উপজেলার ছয়টিতেই চেয়ারম্যান পদে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন আওয়ামী লীগ প্রার্থী। এর মধ্যে পাঁচ উপজেলায় আগেই কোনো প্রতিদ্বন্দ্বি প্রার্থী ছিল না। আর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন বুধবার চিতলমারীর প্রতিদ্বন্দ্বি প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করে নেন। ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন ছয় উপজেলার চেয়ারম্যান প্রার্থী।
চেয়ারম্যান প্রার্থী ছাড়াও বাগেরহাট সদরে মহিলা ভাইস চেয়ারম্যান ও ফকিরহাটে ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে একক প্রার্থীরা বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন।
এদিকে দুই উপজেলায় মহিলা ভাইস চেয়ারম্যান এবং একটিতে ভাইস চেয়ারম্যান পদ ছাড়া অন্য সবকটিতে ভাইস ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিতদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে। আগামী ৩১ মার্চ বাগেরহাটের নয় উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে।
চেয়ারম্যান পদে যারা বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন তারা হলেন বাগেরহাট সদর উপজেলায় জেলা যুবলীগের আহ্বায়ক সরদার নাসির উদ্দীন, কচুয়ায় বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এসএম মাহফুজুর রহমান, শরণখোলায় বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল উদ্দীন আকন, মংলায় বর্তমান চেয়ার্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু তাহের হাওলাদার, রামপালে যুবলীগ নেতা শেখ মোয়াজ্জেম হোসেন এবং চিতলমারী উপজেলায় অশোক কুমার বড়াল।
জেলার বাকি তিন উপজেলার মধ্যে মোল্লাহাট ও মোরেলগঞ্জে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ প্রাার্থীর বিপরীতে একজন করে বিদ্রোহী প্রার্থী, আর ফকিরহাট উপজেলায় আওয়ামী লীগ ছাড়াও ওয়ার্কার্স পার্টির এক প্রার্থী আছেন।
মোল্লাহাটে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগ প্রাার্থী শাহীনুল আলম ছানা ও জেলা আওয়ামী লীগের সদস্য ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. মোতাহার হোসেন মোল্লা, মোরেলগঞ্জে আওয়ামী লীগ প্রার্থী দলের জেলা কমিটির সহ-সভাপতি ও বর্তমান চেয়ারম্যান অ্যাডভোকেট শাহী আলম বাচ্চু ও রামচন্দ্রপুর ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান ওরফে জাপান বাবুল এবং ফকিরহাট উপজেলায় আওয়ামী লীগের স্বপন কুমার দাস ও ওয়ার্কার্স পার্টির মোড়ল নুর মোহাম্মদ প্রতিদ্বন্দ্বিতা করছেন।
বাগেরহাট সদরে মহিলা ভাইস চেয়রম্যান পদে তিনটির মধ্যে দুটি মনোনয়ন প্রত্যাহার করে নেয়ার বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন সমাজ উন্নয়ন কর্মী রিজিয়া পারভীন। অপর দুই প্রার্থী রীনা সুলতানা ও পারভীন খানম বুধবার মনোনয়ন পত্র প্রত্যাহার করে নিয়েছেন। এর আগে ফকিরহাট উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে কোনো প্রতিদ্বন্দ্বি না থাকায় শেখ মোস্তাহিদ সুজা ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে তহুরা খানম বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন।
বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক ও পাঁচ উপজেলার রিটার্নিং কর্মকর্তা মো. জহিরুল ইসলাম এবং জেলা নির্বাচন কর্মকর্তা ও চার উপজেলার রিটার্নিং কর্মকর্তা ফারাজী বেনজীর আহম্মেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
