অগ্নি-১ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে ভারত

আপডেট : ১৪ মার্চ ২০১৬, ২০:৪৫
পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ‘অগ্নি-১’ এর সফল পরীক্ষা চালিয়েছে ভারত। সোমবার সকালে উড়িষ্যা উপকূলে ক্ষেপণাস্ত্রটির পরীক্ষা চালানো হয়।
 
দেশটির প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থার (ডিআরডিও) এক কর্মকর্তা বলেন, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের স্ট্রাটেজিক ফোর্সেস কমান্ডের (এসএফসি) প্রশিক্ষণের অংশ হিসেবে এ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হয়।
 
খবরে বলা হয়, ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য অগ্নি-১ ৭০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।
 
স্থানীয় সময় সকাল সোয়া ৯টার দিকে আবদুল কালাম দ্বীপের ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জের (আইটিআর) একটি উেৎক্ষেপণ ক্ষেত্র থেকে ক্ষেপণাস্ত্রটি নিক্ষেপ করা হয়। আবদুল কালাম দ্বীপটি (সাবেক হুইলার দ্বীপ) উড়িষ্যার রাজধানী ভূবনেশ্বর থেকে দেড়শ’ কিলোমিটার দূরে অবস্থিত।
 
এ নিয়ে দ্বিতীয়বারের মতো এই মডেলের মিসাইলের পরীক্ষা চালালো ভারত। গত বছরের নভেম্বরে একই মডেলের একটি মিসাইলের পরীক্ষা চালিয়েছিল ভারত। সূত্র: এনডিটিভি