ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোয় ইরান ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নিষেধাজ্ঞার কবলে পড়তে পারে বলে জানিয়েছে ফ্রান্স। প্যারিসে যুক্তরাষ্ট্র ও ইউরোপের অন্যান্য দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠকের পর ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-মাহ কেহু রবিবার বলেন, যদি প্রয়োজন হয় তবে নিষেধাজ্ঞা আরোপ করা হবে।
সামরিক মহড়ার অংশ হিসেবে এ মাসের শুরুর দিকে কয়েকবার ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায় ইরানের রেভল্যুশনারি গার্ড। পরমাণু চুক্তির অংশ হিসেবে জানুয়ারিতে ইরানের উপর থেকে আন্তর্জাতিক পরমাণু নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়। যদিও পরদিনই অতীতে ক্ষেপণাস্ত্র পরীক্ষায় জড়িত থাকায় ইরানের কয়েকটি কোম্পানি ও ব্যক্তির উপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র।
অপর দিকে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানোয় ইরানের বিরুদ্ধে ‘দ্রুত শাস্তিমূলক ব্যবস্থা’ গ্রহণ করতে বিশ্বশক্তিগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন।
বিষয়টি নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সঙ্গে আলোচনা করার কথা যুক্তরাষ্ট্রের। সর্বশেষ ক্ষেপণাস্ত্র পরীক্ষার পর ইরান দাবি করে, তাদের ক্ষেপণাস্ত্র এখন ইসরাইল ও মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে আঘাত হানতে সক্ষম। সূত্র: বিবিসি
