রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ ( রাজউক) রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বেশ কয়েকটি স্থাপনা উচ্ছেদ করেছে। একই দিন কয়েকটি প্রতিষ্ঠানকে কয়েক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
রাজধানীর ধানমন্ডি ও বারিধারায় পার্কিং এরিয়ায় বাণিজ্যিক প্রতিষ্ঠান, অনুমোদনহীন স্থাপনা ও অবৈধ র্যাম্প উচ্ছেদে সোমবার অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে মোট সাড়ে ১২ লাখ টাকা জরিমানা করা হয়।
নির্বাহী মেজিস্ট্রেট মো. নাসিরউদ্দিন ও অথরাইজড্ অফিসার আ জ ম শফিউলহান্নানের নেতৃত্বে রাজধানীর পান্থপথ এলাকায় উচ্ছেদে অভিযান পরিচালনা করা হয়। পশ্চিম পান্থপথের ‘হক টাওয়ার’ এর চারদিকে সেট ব্যাক না রাখায় এবং আট তলা ভবনের অনুমোদন নিয়ে বার তলা নির্মাণ করায় ভ্রাম্যান আদালত ভবনের মালিককে ৬ লাখ টাকা জরিমানা করে। এসময় রঙ্গন টাওয়ারের নিচ তলাতে ল’ চেম্বার হিসেবে ব্যবহৃত দু'টি কক্ষ উচ্ছেদ করা হয়। একই সাথে ভবন মালিককে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা করা হয়। পার্কিং এরিয়াকে বাণিজ্যিক হিসেবে ব্যবহারের জন্য বাংলাদেশ স্পাইনাল এন্ড অর্থোপেডিক হাসপাতাল কর্তৃপকক্ষকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়।
উক্ত ভবনের গ্রাউন্ড ফ্লোর ও বেজমেন্টে অপারেশন থিয়েটার, এক্স-রে কক্ষ, স্টোর রুম ও জেনারেটর এর কক্ষ ছিল। একই এলাকার নির্মাণাধীন আট তলা ভবন স্কাই টাচ্ টাওয়ারের পার্কিং এ নির্মিত জেনারেটর রাখার কক্ষ ও গ্রিন জোনে নির্মিত কেয়কটি কক্ষ ভেঙ্গে ফেলা হয়।
এছাড়া বারিধারার কে ব্লকের ১৩ নং রোডে নির্বাহী মেজিস্ট্রেট খন্দকার ওলিউর রহমানের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত বিভিন্ন ভবনের সামনে ফুটপাতের উপর নির্মিত র্যাম্প অপসারণ এবং একটি ভবনের পার্কিং এরিয়ার অবৈধ স্থাপনা উচ্ছেদ করে।
