ফিলিস্তিনের দক্ষিণাঞ্চলের দখলকৃত পশ্চিম তীরে সোমবার ইসরাইলি সেনাদের গুলিতে তিন ফিলিস্তিনি নিহত হয়েছে। ইসরাইলি সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়, হেবরনের কাছে কিরাত আরবার এলাকার একটি বাস স্ট্যান্ডে অপেক্ষমাণ পথচারীদের লক্ষ্য করে দুই হামলাকারী গুলি চালায়। পরে ওই এলাকায় পাহারারত সেনা সদস্যরা পাল্টা গুলি চালায়। এতে ওই দুই হামলাকারী নিহত হয়।
এর কিছুক্ষণ পর অপর এক হামলাকারী গাড়ি নিয়ে একটি সামরিক যানকে সজোরে ধাক্কা দেয়। সেনা সদস্যরা জবাবে পাল্টা গুলি চালালে তৃতীয় ব্যক্তি নিহত হন।
সেনাবাহিনী জানায়, দুটি ঘটনায় চার সৈন্য আহত হয়েছে। হামলাকারীরা একটি পিস্তল ও একটি সাব-মেশিনগান ব্যবহার করে বলে সামরিক বাহিনীর এক মুখপাত্র উল্লেখ করেছেন।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, নিহতরা হলেন হেবরনের কাসেম আবু ওদা ও আমির জুনেইদি এবং পার্শ্ববর্তী বানি নাইম গ্রামের ইউসুফ তারায়া। সূত্র: এএফপি
