রাজধানীতে চালককে অজ্ঞান করে অটোরিকশা ছিনতাই

আপডেট : ১৪ মার্চ ২০১৬, ২১:৫৮
রাজধানীর কারওয়ান বাজারস্থ কাঁচা বাজারের সামনে চালককে অজ্ঞান করে সিএনজি চালিত একটি অটোরিকশা ছিনতাই করেছে অজ্ঞান পার্টির সদস্যরা।
 
সোমবার রাত সাড়ে ৮টার দিকে এই ঘটনা ঘটে। ওই চালকের নাম মোখলেছুর রহমান (৩০)। তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে  পাঠানো হয়েছে।
 
তেজগাঁও থানার এসআই শামীম সিকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অটোরিকশা চালকদের পোশাক পরিহিত এক ব্যক্তিকে কাঁচা বাজারের সামনে পড়ে থাকতে দেখে থানায় খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে ঢামেক পাঠায়।
 
তিনি আরো জানান, ধারণা করা হচ্ছে ওই চালককে অজ্ঞান করে তার সিএনজি চালিত অটোরিকশাটি ছিনতাই করেছে অজ্ঞান পার্টির সদস্যরা।