মাতামুহুরী নদীর বাঘগুজারা ড্যামের রাবার ছিঁড়ে ঢুকছে লবণাক্ত পানি

আপডেট : ১৫ মার্চ ২০১৬, ০৭:০৪
কক্সবাজারের চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নে মাতামুহুরী নদীর বাঘগুজারা পয়েন্টে নির্মিত দেশের বৃহত্তম বারার ড্যামটির রাবারের জোড়া ছিঁড়ে গিয়ে নদীতে ব্যাপকভাবে ঢুকে পড়ছে সামুদ্রিক জোয়ারের লবণাক্ত পানি। বুধবার দুপুরে ড্যামের রাবার ছিঁড়ে যায় বলে জানা যায়। এতে চকরিয়া ও পেকুয়া উপজেলার অন্তত ১৫টি ইউনিয়নের ৫০ হাজার একর জমিতে বোরো চাষাবাদ অনিশ্চিত হয়ে পড়েছে।
 
জানতে চাইলে বাঘগুজারা রাবার ড্যামের তদারক আবদুর রহিম জানান, ড্যামটি উদ্বোধনের পর এ পর্যন্ত চারবার রাবারের জোড়া ছিঁড়ে যায়। বুধবার দুপুরের দিকে অস্বাভাবিক সামুদ্রিক জোয়ারের পানির চাপে ড্যামটির চার স্প্যানের এক স্প্যানের রাবারের জোড়া ছিঁড়ে গেলে নদীতে ব্যাপকভাবে ঢুকে পড়ছে লবণাক্ত পানি। বিষয়টি পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তাসহ জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তাদের অবহিত করা হয়েছে।
 
চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান জাফর আলম বলেন, ঘটনা শুনে তাত্ক্ষণিক প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য কক্সবাজার পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের নির্দেশ দেয়া হয়েছে।
 
কক্সবাজার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. সবিবুর রহমান বলেন, পানির অতিরিক্ত চাপের কারণে ড্যামের রাবার ছিঁড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। পাউবো’র শাখা কর্মকর্তাকে সেখানে পাঠানো হয়েছে। খুব কম সময়ের মধ্যে রাবার ড্যামটি সচল করার ব্যবস্থা নেয়া হবে।