‘মাদকাসক্ত’ তরুণকে হত্যা করল পরিবার

আপডেট : ১৫ মার্চ ২০১৬, ১১:২২
 
ঢাকার কেরাণীগঞ্জে ‘মাদকাসক্ত’ এক তরুণকে তার ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে বলে জানিয়েছে পুলিশ। এই ঘটনায় ঐ তরুণের মাকে আটক করা হয়েছে।
 
কেরানীগঞ্জ মডেল থানার ওসি ফেরদৌস হোসেন জানান, সোমবার দুপুরে বাটারকান্দি এলাকা থেকে রমজান মিয়ার (৩০) লাশ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় তার মা সালেহা বেগমকে আটক করা হয়েছে।
 
তিনি জানান, রমজান মিয়া মাদকের টাকা চেয়ে পরিবারের সদস্যদের মারধর করত। এছাড়া তার বিরুদ্ধে প্রতিনিয়ত বিভিন্ন অভিযোগ আসায় অতিষ্ঠ হয়ে পরিবার তাকে হত্যা করে বলে জানা গেছে।
 
ওসি আরো জানান, নিহতের মুখে রক্ত ও সারা শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।