বগুড়ার শেরপুর উপজেলায় আমিরুল হোসাইন চৌধুরী (৪৮) নামে এক চিকিৎসকে অপহরণ করে চাঁদা আদায় ও শারীরিক নির্যাতন করেছে দুর্বৃত্তরা। নির্যাতিত ওই চিকিৎসক সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক। পাঁচ লাখ টাকা মুক্তিপণ দিয়ে অপহরণকারীদের কবল থেকে মুক্ত হয়ে রাতেই থানায় অভিযোগ করেন তিনি।
শেরপুর থানা ও নির্যাতিত ডা. আমিরুল জানান, সোমবার সন্ধ্যায় তিনি হাঁটার জন্য বাড়ি থেকে বের হন। রাত সাড়ে আটটার দিকে শেরপুর-নন্দীগ্রাম রোডের দুবলাগাড়ি মসজিদের নিকট থেকে ইমন নামের পূর্ব পরিচিত এক যুবক তার বাবার অসুস্থতার কথা বলে তাকে একটি গোডাউনে নিয়ে যান। সেখানে অজ্ঞাত ৪/৫ যুবককে দেখতে পান তিনি। কোনো কিছু বুঝে উঠার আগেই আমিরুলকে প্রথমে গালিগালাজ ও পরে বিবস্ত্র করে জিম্মি করে অপহরণকারীরা। পরে জাকির ও রুহুল আমিন নামে দুই যুবকের সঙ্গে আরো অজ্ঞাত ৫/৬ জন যুবক গোডাউনে প্রবেশ করে চিকিৎসক আমিরুলকে মারপিট করতে থাকে। এক পর্যায়ে তিনি নগদ ৫০ হাজার টাকা ও চেক মারফত সাড়ে চার লাখ টাকা দিতে বাধ্য হন।
শেরপুর থানার সেকেন্ড অফিসার এসআই মো. বুলবুল বলেন, ‘অভিযোগের ভিত্তিতে অপহরণকারীদের গ্রেফতার, টাকা ও চেক উদ্ধারের জন্য পুলিশি অভিযান চলছে।’
