কাউখালীতে জেপি প্রার্থীর সমর্থকদের ভাসমান প্রচারণা

আপডেট : ১৫ মার্চ ২০১৬, ১৭:৪১
আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে পিরোজপুরের কাউখালীতে জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান প্রার্থী আবু সাঈদ মিঞা মনুর সমর্থকরা সোনাকুর ও উত্তর বাজার খেয়া ঘাটে ভাসমান অবস্থায় নির্বাচনী প্রচারণা চালিয়েছেন।
 
মঙ্গলবার দুপুর থেকে ওই প্রার্থীর সমর্থক উপজেলা উন্নয়ন পরিষদের সভাপতি আ. লতিফ খসরুসহ সমর্থকরা ভাসমান নৌকা ও ইঞ্জিন চালিত ট্রলারে সাইকেল প্রতীকের পক্ষে এ প্রচারণা চালান । উপজেলার চারদিক নদী বেষ্টিত দ্বীপ ইউনিয়ন সয়না রঘুনাথপুর ইউনিয়ন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বর্তমান চেয়ারম্যান আবু সাঈদ মিঞা মনু।
 
এ সময় সয়না রঘুনাথপুর ইউনিয়ন জেপির নেতাকর্মীরা প্রচারণায় অংশ নেন। চেয়ারম্যান প্রার্থীর সমর্থকরা কাউখালীর সন্ধ্যা নদীর কচুয়া কাঠির খালের মোহনায় ভোটারদের হাতে সাইকেল মার্কার লিফলেট বিতরণ করেন।
 
তারা জানান, গণতান্ত্রিক ধারা বজায় রাখতে উন্নয়ন অব্যাহত রাখতে এবং মাদক ও সন্ত্রাসমুক্ত কাউখালী গড়তে তারা সাইকেল প্রতীকে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন।