ইয়েমেনে যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে আমিরাতের ২ পাইলট নিহত

আপডেট : ১৫ মার্চ ২০১৬, ১৮:১২
ইয়েমেনের এডেনে সংযুক্ত আরব আমিরাতের যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত হয়েছেন। দেশটিতে সৌদি আরবের নেতৃত্বে ইরান সমর্থিত হুতি বিদ্রোহীদের ওপর বিমান হামলা চালাচ্ছে আরব দেশগুলোর জোট। আরব আমিরাতও এই জোটে রয়েছে।
 
জোট বাহিনীর দেয়া এক বিবৃতিতে দাবি করা হয়েছে, যান্ত্রিক ত্রুটির কারণে সোমবার ভোরে একটি 'মিরেজ' যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়েছে। এর আগে একটি বিমান নিখোঁজ হওয়ার কথা আমিরাত কর্তৃপক্ষ জানিয়েছিল। তবে তখন বিস্তারিত কিছু বলা হয়নি।
 
গত বছর মার্চে বিদ্রোহীদের ওপর বিমান হামলা শুরুর পর থেকে আমিরাতের বিমান বিধ্বস্ত হওয়ার এটাই প্রথম ঘটনা।
 
গত সপ্তাহ থেকে ইয়েমেনের দ্বিতীয় বৃহত্তম শহর এডেনের দিকে অধিক গুরুত্ব দেয়া শুরু করেছে জোট বাহিনী। শহরটিতে সম্প্রতি উল্লেখযোগ্যভাবে জঙ্গি তৎপরতা বৃদ্ধি পেয়েছে। সূত্র: বিবিসি