ভাইয়েরা ও বোনেরা নয়। বোনেরা ও ভাইয়েরা। গুজরাটে বক্তৃতার শুরুতে প্রিয়াঙ্কা গান্ধীর এই ছক ভাঙা সম্বোধন হয়তো অনেকের আলাদা করে নজরে পড়েনি। কিন্তু প্রিয়াঙ্কার টুইটারের নতুন ছবিটি চোখে পড়েছে অধিকাংশেরই। পরনে জিনস ও মানানসই নীল শার্ট। পায়ে কালো জুতো, স্মার্টফোন ধরা বাঁ হাতে কালো ব্যান্ডের ঘড়ি।
প্রিয়াঙ্কা নিজে জানিয়েছেন, গুজরাটে তার প্রথম বক্তৃতায় তিনি ভেবেচিন্তেই ‘বহনোঁ অউর ভাইয়োঁ’ বলে জনতাকে সম্বোধন করেছেন। কংগ্রেস সাংসদ তথা মহিলা কংগ্রেসের সভানেত্রী সুস্মিতা দেব টুইটে লেখেন, ‘গুজরাটে প্রিয়াঙ্কার বক্তৃতা অনেক কারণেই আলাদা। আমার খুব ভালো লেগেছে যে, উনি পুরুষদের আগে মহিলাদের সম্বোধন করেছেন, বোনেরা ও ভাইয়েরা। উল্টোটা নয়।’ এর পরেই এলো প্রিয়াঙ্কার জবাবি টুইট, ‘আর আমি ভাবছিলাম, কেউ খেয়ালই করেনি!’ সঙ্গে চোখ টিপে হাসির ‘স্মাইলি’।
শিকাগোর ধর্মমহাসভায় স্বামী বিবেকানন্দ তার বক্তৃতা শুরু করেছিলেন ‘সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স’ বলেই। প্রবীণ কংগ্রেস নেতারা বলছেন, প্রিয়াঙ্কার সঙ্গে তার ঠাকুমা ইন্দিরার চেহারা, চলনে-বলনে মিল খুঁজে পাওয়া যায় বটে। কিন্তু ইন্দিরা ‘ভাইয়োঁ অউর বহনোঁ’তেই বেশি স্বাচ্ছন্দ্য ছিলেন। ‘বহনোঁ, ভাইয়োঁ’ সম্বোধন বর?ং অনেক সময় প্রিয়াঙ্কার বাবা রাজীবের মুখে শোনা গিয়েছে। কখনও কখনও আমজনতাকে ‘দোস্তোঁ’ বলেও সম্বোধন করতেন রাজীব। দোস্তোঁ, মিত্রোঁ নয়!
— আনন্দবাজার পত্রিকা
