সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৭তম জন্মদিবস ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বৃহস্পতিবার, ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিত্সাসেবাসহ বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
কর্মসূচির মধ্যে রয়েছে- সকাল সাড়ে ৭টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খানের নেতৃত্বে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ (বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস হতে ৩২ নম্বরের উদ্দেশে যাত্রা সকাল ৭টায়), সকাল ৮টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জাতির পিতার ম্যূরালে পুষ্পস্তবক অর্পণ, সকাল ৮টা ৪৫ মিনিটে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বটতলায় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির উদ্বোধন, সকাল ৯টায় বিশ্ববিদ্যালয় হাসপাতালের বহির্বিভাগে বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিত্সাসেবার (পরামর্শসেবা) উদ্বোধন (চিকিত্সাসেবা চলবে দুপুর ২টা পর্যন্ত), সকাল ৯টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের বটতলায় বঙ্গবন্ধুর কর্মজীবনের ওপর প্রামাণ্য চিত্র প্রদর্শনী, দুপুর ১২টায় এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, চিকিত্সক, কর্মকর্তা ও কর্মচারীদের শিশু সন্তানদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, দুপুর ১টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে বাদ জোহর দোয়া মাহফিল এবং দুপুর ২টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিলন হলে শিক্ষক, চিকিত্সক, কর্মকর্তা ও কর্মচারীদের শিশু সন্তানদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় উত্তীর্ণদের মধ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এ অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম।
উল্লেখ্য, ১৭ মার্চ সরকারি ছুটির দিন হওয়ায় এ বিশ্ববিদ্যালয়ের নিয়মিত সাধারণ বহির্বিভাগ ও বৈকালিক স্পেশালাইজড কনসালটেশন সার্ভিস বন্ধ থাকবে। তবে এ বিশ্ববিদ্যালয়ের হাসপাতালের অন্ত:বিভাগ ও জরুরি বিভাগ প্রচলিত নিয়মে খোলা থাকবে। এছাড়া রোগীদের সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় হাসপাতালের বহির্বিভাগে বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিত্সাসেবা (পরামর্শসেবা) দেয়া হবে।
